
স্টাফ রিপোর্টারঃ
এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক অদ্ভুত আকৃতির মেটে আলু। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো। আলুটির আকার এতটাই বিশাল এবং গঠন এতটাই ব্যতিক্রমী যে, প্রথম দেখাতেই তিনি হতবাক হয়ে যান। আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুল ও পায়ের মতো।
রোববার (১ মার্চ) বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিয়ারছড়া গ্রামের কৃষক সাদ্দাম মিয়া নিজ বাড়ির উঠানে মাটি কাটার সময় হঠাৎ কোদালে বড় কিছুর আঘাত পান। পরে দুই হাত দিয়ে টেনে তুলতেই উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের অদ্ভুত আকৃতির মেটে আলু। মুহূর্তেই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।
কৃষক সাদ্দাম মিয়া জানান, বাড়ির উঠানের মাটিতে এমন কিছু থাকতে পারে তিনি কল্পনাও করেননি।আলুটির আকৃতি দেখে প্রথমে তিনি ভয় পেয়েছিলেন। পরে সবাই এসে দেখার পর বুঝতে পরেন এটি সত্যিই এক ধরনের প্রকৃতির বিস্ময়।
স্থানীয়রা জানান, আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুলের মতো, আবার কিছু অংশ পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এই অস্বাভাবিক গঠনের কারণে অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল সৃষ্টি বলে মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম কবীর জানান, এই জাতের আলুর নির্দিষ্ট আকার থাকেনা। মাটির গঠন, আর্দ্রতা ও দীর্ঘসময়ের বৃদ্ধির কারণে মেটে আলুর অস্বাভাবিক বৃদ্ধি ও আকৃতিগত পরিবর্তন হতে পারে।
এমকন্ঠ/এস