
পারভেজ হাসান.বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে হরেক রকমের পিঠা-পুলি নিয়ে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিব্যাপী উৎসবকে ঘিরে দিনভর ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বসে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল। ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই, দুধ-চিতই, দুধ-পুলি, নকশি পিঠাসহ গ্রামবাংলার নানা স্বাদের পিঠায় সাজানো হয় স্টলগুলো। বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এসময় উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিনী মোছা: মাহমুদা আক্তার।
[caption id="attachment_2282" align="aligncenter" width="550"]
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।[/caption]
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ শীত উৎসবে যারা স্টল দিয়েছেন এবং স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে যে আয়োজন করেছে, তা প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।"
তিনি আরও বলেন, ক্লাস ও পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা সৃষ্টিশীল কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের মানসিক সজীবতা বৃদ্ধি পায়। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
সন্ধ্যায় পিঠা উৎসবকে ঘিরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে যোগ দেন।
এমকন্ঠ/এস