
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) উদ্যোগে রমজান মাসজুড়ে ইফতার বিতরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষে মিঠাপুকুর উপজেলায় মাসজুড়ে ইফতার বিতরণের প্রশংসনীয় এই উদ্যোগ এবারই প্রথম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণের কারণে ভালো কাজের প্রতি উৎসাহ বাড়ার পাশাপাশি মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। জনমনেও পেয়েছে প্রশংসা।
পবিত্র রমজান মাসজুড়ে বিকেল হলেই ইউএনও মোঃ পারভেজ উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে সক্রিয় ছিলেন সহকারী কমশিনার (ভূমি) মোঃ আশিক জামান, তিনিও উপজেলার বিভিন্ন এলাকায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন। প্রশংসনীয় এই কাজে সক্রিয় ছিলেন আনসার সদস্যরাও। প্রতিদিন বিকেলে গাড়িতে ইফতার ও খাদ্যসামগ্রী নিয়ে বিভিন্ন মসজিদ ও মাদরাসাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন ইউএনওর ইফতার। বহস্পতিবার (১৯ মার্চ) বিকেলেও উপজেলা প্রশাসনের পক্ষে মিঠাপুকুর ওভারব্রিজ ও শীতলগাড়ি এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন আনসার সদস্যরা।
মাসজুড়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণে উপকৃত হয়েছেন পথচারী, রিকশা-ভ্যানচালক, দিনমজুর, ভাসমান মানুষ ও নিম্নআয়ের মানুষেরা। ইফতারের পূর্ব মুহুর্তে মানসম্মত ইফতার পেয়ে মুখে হাসি ফুটেছে অসংখ্য মানুষের। সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের মাঝে সম্প্রিতি ফুটে উঠেছে, ভেঙ্গেছে দূরত্বের দেয়াল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ জানান, “রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। মানুষের জন্য ভালোকিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি।”
স্থানীয় সাংবাদিক আমিরুল কবির সুজনের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিঠাপুকুরে প্রথমবার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগ আগামীতে ভালো কাজের পথ দেখাতে ভূমিকা রাখবে। একমাস ইফতার বিতরণ- এটি একটি ব্যতিক্রমী আয়োজন।
এমকন্ঠ/এস