মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিল পুলিশ সদর দপ্তর

অনলাইন ডেস্ক:
অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের একাধিক নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনা এবং হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে জন্য মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রতিটি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশনা দেওয়া হয়।

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণসংক্রান্ত মামলার অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্তের অগ্রগতি, বিচারের ফলাফল এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সুত্রঃ নিউজ ২৪

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *