তরুণ উদ্যোক্তাদের ১০-২০ লাখ টাকা ঋণ ও অনুদান পাওয়ার সুযোগ, আবেদনে লাগবে যেসব যোগ্যতা

অনলাইন ডেস্ক:
দেশের উপজেলা পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ৮ জেলার ৬৪ উপজেলায় এই সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। এই প্যাকেজের অর্ধেক হবে ব্যাংকঋণ, বাকি অর্ধেক অনুদান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক সংবাদ সম্মেলনে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র বিস্তারিত তুলে ধরেন।

কত টাকা পাওয়া যাবে___
নির্বাচিত উদ্যোক্তারা প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। এর মধ্যে ৫০ শতাংশ ব্যাংকঋণ এবং ৫০ শতাংশ অনুদান থাকবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। ঋণের জন্য সহায়ক জামানত লাগবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। এরপর ঋণটি প্রচলিত নিয়মে শ্রেণীকৃত হয়ে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।

কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে—বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে।

আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছর বা তার কম হতে হবে।

সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আগে থেকে ব্যবসা থাকা বা ব্যবসায়িক অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।

নিচের যেকোনো বৈধ উদ্যোগের জন্য আবেদন করা যাবে—

*কৃষি
*খাদ্য প্রক্রিয়াজাতকরণ
*হস্তশিল্প
*মৎস্য
*পশুপালন
*পর্যটন
*সেবাখাত
*প্রযুক্তিভিত্তিক উদ্যোগ

কীভাবে আবেদন করবেন
আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর
আবেদনপত্র পাওয়া যাবে: সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়।

আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।
এরপর এক মাস আবেদন গ্রহণ চলবে।

যেসব জেলায় শুরু হচ্ছে
প্রথম ধাপে ৮টি জেলার ৬৪ উপজেলায় কর্মসূচি চালু হবে। জেলাগুলো হলো—

*রংপুর
*মানিকগঞ্জ
*ফেনী
*নওগাঁ
*ঝিনাইদহ
*ভোলা
*হবিগঞ্জ
*নেত্রকোনা

প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন।

শুধু টাকা নয়, মিলবে আরও যেসব সুবিধা
নির্বাচিত উদ্যোক্তারা অর্থায়নের পাশাপাশি পাবেন—

*উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
*অভিজ্ঞ পরামর্শকের মেন্টরশিপ
*ব্যবসা নিবন্ধনে সহায়তা
*ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা
*বাজার সংযোগের সুযোগ

বাংলাদেশ ব্যাংকের আশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে কর্মসূচিটি দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে এবং প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *