মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী ও কিশোর ছাত্রের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নে এক কিশোরী মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে এক ব্যবসায়ী পরিবার। ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তবে অভিযোগ উঠেছে কিশোরী ওই মেয়েটিকে উত্যক্তকারীর পক্ষের লোকজন উল্টো মামলা করেছেন প্রতিবাদকারী শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষার্থী, এক অষ্টম শ্রেণির ছাত্র ও নৈশপ্রহরীর বিরুদ্ধে। প্রকৃত ঘটনা আড়াল করে মামলা হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগীর অভিযোগ, গত (১৬ এপ্রিল) দুপুরে পশ্চিম তিলকপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের নাতি ও তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ জিহাদ ইসলাম (১২) বাইসাইকেলযোগে তালিমগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অভিযুক্ত জাহিদ মিয়া অপরিচিত এক কিশোরী মেয়েকে উত্যক্ত করছেন দেখে প্রতিবাদ করেন ৮ম শ্রেণির ছাত্র জিহাদ। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জাহিদ মারপিটে জড়িয়ে পড়েন। এতে ৮ম শ্রেণির ছাত্র জিহাদ আহত হয়।

পরে একইদিন বিকেলে ব্যবসায়ী নজরুল ইসলাম তার ছেলে শিমুল রানা (১৬) ও এক ভাতিজাসহ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে একপর্যায়ে অভিযুক্ত জাহিদ, সেরাজুল, নওশা, হেলাল ও মেহেদী হাসানসহ কয়েকজনমিলে তাদের ওপর হামলা চালায়। এরমধ্যে শিমুল রানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দেন।

একই ঘটনায় থানায় পাল্টা অভিযোগ দেন অভিযুক্তরা। মামলায় এসএসসি পরীক্ষার্থী রিফাত হাসান ও ৮ম শ্রেণির ছাত্র জিহাদ ইসলাম এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তালিমগঞ্জ বাজারের নৈশপ্রহরী মোকসেদ মিয়াকে আসামি করা হয়।

অভিযোগ উঠেছে পুলিশ সঠিকভাবে তদন্ত না করেই মামলা রেকর্ড করেছেন। প্রশ্ন উঠেছে এসএসসি পরীক্ষার্থী এবং কিশোর আসামী হয় কিভাবে? অনেকেই ধারণা করছেন এই মামলার কারণে এসএসসি পরীক্ষায় সমস্যার পাশাপাশি প্রভাব পড়বে শিক্ষাজীবনে।

​ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, আমরা হামলার শিকার হয়ে বিচার চাইতে থানায় গেলাম, কিন্তু পুলিশ আমাদের অভিযোগ গুরুত্ব না দিয়ে উল্টো আমার মাসুম নাতি ও পরীক্ষার্থী রিফাতের নামে মামলা নিল। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।

​অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকলে আদালতে চূড়ান্ত চার্জশীট পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *