মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মদ্যপানে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। মদগুলোতে বিষক্রিয়া ছড়িয়ে পড়লেও মদ্যপ পানকারীরা বিষয়টি বিষয়টি পারেনি। তারা প্রায়সময়ের ন্যায় মদ পান করে নিজ নিজ বাড়িতে যায়। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেওয়ার আগেই ২ জনের মৃত্যু হয়। অপরজন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়াও আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করেই মারা গিয়েছে। লাশকে যাতে পোস্ট মডেম করাতে না হয় এই জন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করতেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা এবং তদন্ত চলমান রয়েছে।