রংপুরে জনপ্রিয় হয়ে উঠছে “ভাইরাল কাঠের সেতু”

স্টাফ রিপোর্টার:
রংপুর শহরতলী থেকে একটু দূরে ৩৩ নম্বর ওয়ার্ডের রঘু বাজার এলাকার দক্ষিণ বকচি পুকুরেরপাড় বা মেকুরা সংলগ্ন স্থানে অবস্থিত দৃষ্টিনন্দন এই কাঠের সেতু। সামাজিক যোগাযোগমাধ্যমে সেতুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের কাছে এটি পরিচিতি পেয়েছে ‘ভাইরাল কাঠের সেতু’ নামে। প্রতিদিনই প্রকৃতির টানে এখানে ভিড় করছেন তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ।

বিশেষ করে পড়ন্ত বিকেলে সেতু ও আশপাশের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনেকেই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এবং স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে এখানে আসেন। বিশেষ করে তরুণদের ভিড় বেশি হয়ে থাকে।

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, এই কাঠের সেতুটি সরাসরি দেখার অপেক্ষায় ছিলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশে সেতুটির কাছে দাঁড়িয়ে ছবি তোলার অনুভূতি সত্যি আনন্দের।

এদিকে, কাঠের সেতু ঘিরে রঘু বাজার এলাকায় বেড়েছে দূর-দূরান্ত থেকে আসা মানুষের আনাগোনা। এতে করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের পাশাপাশি নতুন দোকানীদেরও আয় বেড়েছে। রঘু বাজার যাবার পথে মাহিগঞ্জ আমতলা এলাকায় কেটলির আদলে তৈরি করা দৃষ্টিনন্দন একটি চায়ের দোকান গড়ে উঠেছে।

সাবেক তামপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী বলেন, অস্থায়ী সেতুটি স্থানীয়দের চলাচলের জন্য নির্মিত হয়েছে। একারণে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে যেন কাঠামোর ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। পুকুরের পাড় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং সতর্কতার সঙ্গে চলাচল করা দর্শনার্থীদের দায়িত্ব।

ঐতিহাসিক মাহিগঞ্জ রংপুরের আদিশহর। এই এলাকায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। বিশেষ করে তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, স্থানীয় শতবছরের পুরনো মন্দির, মসজিদ ও পুকুর। আর প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে চাইলে রঘু বাজারের এই কাঠের সেতু হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *