রাতের আঁধারে পাচারকালে আটক, সার পেল মিঠাপুকুরের কৃষক

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রাতের আঁধারে পাচারের সময় ১০৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। পরে জব্দকৃত সারগুলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। সার বিক্রির ১ লাখ ৩৬ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জব্দ করা সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। সাধারণ কৃষকরা সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকা দরে এসব সার কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা কৃষি অফিস ও পুলিশ সুত্রে জানা গেছে , গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মিঠাপুকুর গড়েরমাথা হতে ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় টহল পুলিশের অভিযানে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে আসা সারবোঝাই একটি ট্রলি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ট্রলিটি থানা হেফাজতে রয়েছে।

মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, উপজেলায় সারের কোনো সংকট নেই। ১৭টি ডিলার পয়েন্টে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী যদি সার নিয়ে কারসাজি বা পাচারের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ জানান, কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে সার পায়, এজন্য উপজেলা প্রশাসন মনিটরিং করছে। উদ্ধারকৃত সারগুলো সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সোনালী ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। প্রকৃত মালিকের পরিচয় পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *