শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির অ্যাকশন শুরু

অনলাইন ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাল বা ভুয়া সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে সরকার। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) কর্তৃক শনাক্তকৃত ৪৭১ জন জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্তদের এমপিও বাতিল এবং নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।

সম্প্রতি মাউশির বেসরকারি কলেজ শাখা-৩ এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই কার্যক্রমের অংশ হিসেবে একজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে ৪৭১ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষকের একটি তালিকা প্রেরণ করা হয়। এই তালিকায় মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন এবং কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন।

মন্ত্রণালয়ের প্রেরিত ওই পত্রে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৫’ অনুসারে তালিকাভুক্ত এই ৪৭১ জন জাল সনদধারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য মাউশিকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *