শিক্ষাঙ্গন ডেস্ক:
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে আগামী ২ মে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজন সফল করতে মাধ্যমিকের শিক্ষকদের সহযোগিতার আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের জন্য রয়েছে ৬টি নির্দেশনা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
এতে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রতিষ্ঠান প্রধানরা ৬টি পদক্ষেপ নেবেন। তা হলো- এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন; প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে; নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত নির্দেশনা দিতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে; সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচার চালাতে হবে।
এতে জানা যায়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের জন্য সম্মতি জানিয়েছেন। এ আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
এমকন্ঠ/এস