স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় একটি সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল ডিজেল মজুত করার অভিযোগে ওই দোকানের স্বত্বাধিকারী মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে ২৫ লিটার পেট্রোল এবং ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এই অভিযান পরিচালনা করেন।
প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্বনাথপুর বাজারের ব্যবসায়ী মাহিদুল ইসলামের সিমেন্টের দোকান জেরিন ট্রেডার্স ও তার বাড়িতে অভিযান করেন প্রশাসন। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ, সিঁড়ির নিচে ও খাটের তলায় তল্লাশি চালিয়ে হাড়িপাতিল, জারকিন ও ড্রামে মজুত করে রাখা প্রায় ২৫ লিটার পেট্রোল এবং ৬ছবি এ আই০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জব্দকৃত পেট্রোল ও ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে জব্দকৃত তেল বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। অভিযানে সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকন্ঠ/এস