অনলাইন ডেস্ক:
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর অংশে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০-১২ জন।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশের দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৩৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, রংপুর সদরের পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাস ঢাকা–রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলছিল। মিঠাপুকুরের দমদমা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাম্বায় সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শামসুন্নাহার (৩৫) নামে এক নারী নিহত হন।
মিঠাপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদ উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমকন্ঠ/এস