স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শামীম মিয়া (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অরেক যুবক মোটরসাইকেল চালক ওমরসানী (২৮) গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক শামীম মিয়া উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরহাট হরিহরপুর গ্রামের সাহেব আলীর ছেলে এবং পেশায় একটি ওষুধ কোম্পানির গাড়িচালক ছিলেন। আহত ওমরসানী একই ইউনিয়নের তাহিয়ারপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক শামীম ও ওমর সানী মোটরসাইকেল যোগে রংপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী তয়েজ এন্টারপ্রাইজ নামেএকটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী শামীমের মৃত্যু হয় এবং চালক ওমরসানী গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ওমরসানীকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত ওমরসানীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর বাস ও চালক ক্উকেঠগচৃক আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমকন্ঠ/এস