অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের টেকনাফে সন্ধ্যার আকাশে দেখা গেছে এক রহস্যময় আলোকচ্ছটা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে কেউ টর্চলাইট জ্বালিয়ে রেখেছে আকাশের বুকে, এমনটাই দেখা গেছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ দৃশ্যটি দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ। তবে কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। অনেকেই মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে পূর্ব দিকে দ্রুত ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি।
আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরের ওপর দিয়ে সন্ধ্যায় দ্রুতগতিতে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের (ভিডিও ও ছবি পাঠিয়ে) মন্তব্য চাওয়া হয়েছিল। তারা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান জানান, বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে, এ নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।
এমকন্ঠ/এস