স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জ উপজেলার কিশোরী মেয়ে আবিদা সুলতানা (অনামিকার) প্রেমে পড়ে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে প্রেমিকার বাড়িতে এসেছেন এক চীনা যুবক। প্রমিকা অনামিকা ও চীনা যুবক ঝাওহুইয়ান মোবাইল অ্যাপে দুজনের পরিচয় হয়।সেই সম্পর্কসূত্রে চীন থেকে রংপুরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিকা অনামিকাকে বিয়ে করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে কনের মামার বাড়িতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে পড়ানো হয়। চীনা যুবক ঝাওহুইয়ান ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয় ‘আয়ান ইসলাম’।
কিশোরী আবিদা সুলতানা (অনামিকা) পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।
কনের পরবিার জানায়, আলোচনা করে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের বিষয়টি সম্পন্ন হয়েছে। ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করায় ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে পড়ানো হয়েছে।
চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় এক কিশোরী মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ওই যুবককে দেখতে ও বিয়ের বিষয়ে জানতে সেখানে ভিড় করছেন।
এদিকে কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের আইনগত বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।