মাছ ধরতে গিয়ে বড়শিতে ধরা পড়লো কুমির

অনলাইন ডেস্ক:
নদী-তে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর কুমিরটি দেখতে স্থানীয় শত শত মানুষ ঘাট এলাকায় ভিড় করেন, এতে নদীপাড়ের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমিরটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তাদের বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে সেটি উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে আনা হয়।

জেলে শেখ ইলিয়াস দাবি করেন, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি বড় আকারের কুমির দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্বপন বেপারী জানান, কুমিরটি আটকা পড়ার পর তারা দ্রুত উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন এবং বন বিভাগকে খবর দেন।

এ বিষয়ে কাজী রিপন হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কেউ বন্যপ্রাণীটিকে ক্ষতি করতে না পারে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *