মিঠাপুকুরে অটো ছিনতাইচক্রের নারী সদস্য আটক

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অটো ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিশুক ভ্যানটি ছিনতাই করে পালানোর সময় ওই নারীকে আটক করা হয়।

নারী ছিনতাইকারী আপি বেগম (২৬) উপজেলার আলীপুর নয়ারহাট গ্রামের মো. লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত মিশুক চালক মো. আক্তার হোসেন (৩৮)-কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় মিশুক চালক আক্তার হোসেন ওই দিন সন্ধ্যা ৭টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা বাজার থেকে আটককৃত নারীসহ তিন যাত্রীকে নিয়ে বালারহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েরমারী গ্রামের উল্লাগাড়ী পাথারের বটগাছের নিচে পৌঁছামাত্রই ছিনতাইকারীরা চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। চালক প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তার মাথা, ঘাড় ও বাম হাতের আঙুলে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আক্তার হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ধাওয়া করে প্রায় ৪০০ গজ দূর থেকে ছিনতাই হওয়া গাড়িসহ আপি বেগমকে হাতেনাতে আটক করে। তবে সুযোগ বুঝে তার অপর দুই সহযোগী মো. আশরাফুল ইসলাম (৩৩) ও মো. রিয়াদ (২৩) পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে নারী ছিনতাইকারী আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় মিঠাপুকুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটককৃত নারীকে থানা হেফাজতে নিয়ে আসে।

স্থানীয়দের দাবি, গত কয়েক মাস ধরে মিঠাপুকুর উপজেলায় ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশের একাধিক টিম মাঠে থাকলেও কোনোভাবেই এই চক্রটিকে বাগে আনা যাচ্ছিল না। এই দুর্ধর্ষ নারী সদস্য আটকের পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, আটককৃত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *