স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত বাছাইপর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। স্পোর্টসে নিজেদের দক্ষতা প্রদর্শন করে জ্বলে উঠেন উপজেলার সম্ভাবনাময় আগামীর তারকারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত বাছাইপর্বকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়। ক্রীড়াঙ্গনে ফিরে আসে সম্ভাবনা। নতুন স্বপ্নে উজ্জীবিত হয় তরুণ খেলোয়াড়রা। দিনটিতে মাঠজুড়ে তরুণ খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি, আর দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ ৮টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই আয়োজন। নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হতে পারে। এই স্বপ্নের পথই বিজয়ের স্বাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে।
অংশগ্রহণকারী খেলোয়াড়রা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিজেদের নতুন করে মেলে ধরার সুযোগ করে দিয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে আনন্দিত তারা। এই আয়োজন প্রতিভাবান খেলোয়াড়দের স্বপ্নকে আরও বড় করে দেখতে উৎসাহিত করছে।
ক্রীড়াপ্রেমিক ও সাবেক ফুটবলার আমিরুল কবির সুজন মনে করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের স্বপ্ন পুরনে সহায়ক। যেখানে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সরকারের একটি মহতী উদ্যোগ। তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন। সর্বোচ্চ স্বচ্ছতার সাথে যোগ্য খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করা হয়, যাতে তারা জাতীয় পর্যায়ে মিঠাপুকুর উপজেলার গৌরব বয়ে আনতে পারে। খেলোয়াড়রা মিঠাপুকুরের জন্য গৌরবময় সুফল অর্জন করবে বলে প্রত্যশা করেন তিনি। আয়োজনকে সফল করতে শুরু থেকেই শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমিরা সহযোগীতার কথাও উল্লেখ করেন।
শেষে নির্বাচিত খেলোয়াড়দের উপজেলা পর্যায়ের পুরুস্কার দেওয়া হয়। মিঠাপুকুর উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলোয়াড়রা এরপর রংপুর জেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রতিদ্বন্ধিতা করবে।
এমকন্ঠ/সুজন