স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, হাসান মিয়া ভুক্তভোগী গৃহবধূর মামাশ্বশুর। বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকিও দেন হাসান। ঘটনার দিন গত ১২ আগস্ট দুপুরে ওই গৃহবধূ নিজ বাড়ির একটি ঘরে শুয়ে ছিলেন। হাসান মিয়া ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারী চিৎকার করলে হাসান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর হাসান মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।
এসআরবি জানায়, মামলার পর অভিযুক্ত হাসান মিয়াকে গ্রেফতারে এসআরবি-১৩ রংপুরের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।