মিঠাপুকুরে বাড়িঘরে ভাংচুর চালিয়ে উচ্ছেদ চেষ্টার অভিযোগ!

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বালুয়ারমাঠ এলাকায় এক দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘর ভাংচুর চালিয়ে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মিয়া ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসাহাক আলী ও মোর্শেদ আলম বলেন, গত কয়েকদিন আগে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি লোকমান মিয়ার বাড়িঘর ভাংচুর করে গ্রাম ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় জড়িত আসাদ, শাহাবুল, সাজ্জাদ, বক্কর, বাবু, আজিজুর ও ফারুকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মিয়া বলেন, আমি ২-৩ বছর আগে ভুল পথে থাকলেও এখন কঠোর পরিশ্রম করে সঠিকভাবে জীবনযাপন করছি। আমার পারিবারিক দূর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করা হয়। আমি অপারগতা প্রকাশ করায়, আমার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়ে উচ্ছেদের পায়তারা করছে। আমি এখন নিজের বাড়িতে যেতে পারছি না, চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, লোকমান মিয়া বর্তমানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সাথে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমানের পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *