হাইলাইটস

Category: জাতীয়

Important news from Bangladesh


দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার:
জমি নামজারিতে ঘুষ দাবি, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হয়রানি, নদীভাঙন রোধ প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কারের দরপত্রে অনিয়মের অভিযোগে দেশের চার স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, দুদকের অভিযানে শরীয়তপুরের ডামুড্যায় ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ গ্রহণের অভিযোগের পাশাপাশি মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হয়। এছাড়া ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দরপত্রে অনিয়মের অভিযোগেও অভিযান চালানো হয়।

দুদক সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি এবং সেবা দিতে হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের একটি দল।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে দুদক। অভিযোগে উল্লিখিত স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেনের নামজারি কার্যক্রমে তিন মাসের বেশি সময়ক্ষেপণ এবং ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের বিষয়টিও যাচাই করা হয়।

দুদকের তথ্যমতে, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরিয়তউল্লাহ নিজে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পরে স্থানীয়দের চাপে সাংবাদিকদের উপস্থিতিতে ওই টাকা ফেরত দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়রানি, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করেও শতভাগ বিল উত্তোলনের অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার একটি দল। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে অভিযোগসংশ্লিষ্ট ই-জিপি টেন্ডার প্রক্রিয়ার তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। চিকিৎসাসেবা নিতে হয়রানি, অনিয়ম, দালালের দৌরাত্ম্য এবং হাসপাতালের সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের মতামত নেওয়া হয়। এছাড়া হাসপাতালের রান্নাঘর, রোগীদের খাবারের মান ও সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করা হয়। সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের পরামর্শও দেয় দুদক টিম।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প ও বিষখালী নদীর তীর সংরক্ষণকাজে ভুয়া কোটেশন ও বিল-ভাউচার দেখিয়ে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও অভিযান চালানো হয়েছে। দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযোগ অনুযায়ী, প্রকল্পের আওতায় ল্যাপটপ ও ফটোকপি মেশিন কেনাসহ বিভিন্ন জরুরি কাজের নামে ভুয়া কোটেশন ও বিল-ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযানকালে দুদক টিম প্রকল্পের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের কাজের পরিমাপ নেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

আর ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণকাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম, দরপত্রের নির্ধারিত সময় পরিবর্তন এবং যোগসাজশের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার অভিযোগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের একটি দল।

আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয়ে পরিচালিত এ অভিযানে অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংস্কার ও সংরক্ষণকাজ সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন পর্যালোচনার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অনলাইন ডেস্ক:
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত শীর্ষস্থানীয় নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

ওবায়দুল কাদের ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ওবায়দুল কাদেরসহ মামলার সব আসামি পলাতক রয়েছেন।

রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাদ্দাম ও ইনান ছাড়া বাকিদের অর্ধেক সম্পদ জব্দ করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে দিতে বলা হয়েছে।

রায়ে আরো বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। পাশাপাশি নেতাকর্মীদের রাজপথে নামিয়ে সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ ও সহিংসতা চালিয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অপরদিকে ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী হাসান ইমাম ও ইসরাত জাহান অনি আসামিদের এ মামলা থেকে অব্যাহতি চেয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ আসামিদের অব্যাহতি আবেদন নাকচ করে চার্জ গঠন করেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেন। পরোয়ানা জারির পর ২৯ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো ঠিকানায় খুঁজে পায়নি। এরপর ৩০ ডিসেম্বর তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

দীর্ঘ এই বিচার প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিও অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া শুনানিতে ১২৩টি ডকুমেন্টারি প্রমাণ উপস্থাপন করা হয়। গত ১৭ আগস্ট প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।


স্টাফ রিপোর্টার:
দেশে ডেঙ্গুজ্বরের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল এবং তখন থেকেই সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছিল রোগীর প্রচণ্ড চাপ। সব মিলিয়ে সারাদেশেই এখন ডেঙ্গুর দাপট উচ্চ মাত্রায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ১ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বরের ডেঙ্গু পরিস্থিতির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, মাত্র ১০ দিনের ব্যবধানে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২ হাজারের বেশি বেড়েছে। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ জন।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, থেমে থেমে বৃষ্টিপাত এবং ডেঙ্গুবাহী এডিস মশার অনুকূল তাপমাত্রার কারণে সেপ্টেম্বর ও অক্টোবর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকতে পারে। এবার ডেঙ্গু আর শুধু ঢাকার রোগ নয়। এডিস মশা এখন জেলা, উপজেলা এমনকি অনেক গ্রামেও বিস্তার লাভ করেছে। এককথায় এ মশা এখন আর শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। তাই ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী দ্রুত বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৭ হাজার ১৭০ জন। এ সময় মৃত্যু হয় ১০২ জনের। ১২ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ হাজার ২৭৬ জনে এবং মৃত্যু বেড়ে হয় ১৪৩ জন। অর্থাৎ ১১ দিনের ব্যবধানে নতুন করে ১৩ হাজার ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৩ মৃত্যু যোগ হয়েছে।

মৃত্যুও বাড়ছে : ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে দ্রুত। এ বছর ১ সেপ্টেম্বর পর্যন্ত ১০২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ১১ সেপ্টেম্বর তা বেড়ে ১৪১ জনে পৌঁছায়। অর্থাৎ মাত্র ১০ দিনে মৃত্যু বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ ৬৭ জন এবং নারী ৭৩ জন; অর্থাৎ আক্রান্তের সংখ্যায় পুরুষের অংশ বেশি হলেও মৃত্যুর ক্ষেত্রে নারীর সংখ্যা সামান্য বেশি।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমাতে জ্বর আসার পর অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। জ্বর ও অন্যান্য উপসর্গ শুরু হওয়ার এক সপ্তাহ বা তারও বেশি সময় পর চিকিৎসা নিতে গেলে রোগীর অবস্থা গুরুতর হয়ে শকে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারের ওপর নির্ভর না করে ব্যক্তি ও কমিউনিটিকে সক্রিয় করা প্রয়োজন। এডিস মশা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই মানুষের বসতবাড়ি ও কর্মস্থলের আশপাশে মশার সম্ভাব্য প্রজননস্থল দ্রুত ধ্বংস করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি। প্রতিদিন নিজের বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ফেলে দেওয়া, পাত্র উল্টে রাখা এবং মশার প্রজননের উপযোগী স্থান পরিষ্কার করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসের কাজটি একটি সামাজিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন।

সেপ্টেম্বরে নতুন উদ্বেগ : আগস্টে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল বছরের সর্বোচ্চ পর্যায়ে। সেপ্টেম্বরেও সংক্রমণের সেই ধারা অব্যাহত রয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৩২৪ জন আক্রান্তের তথ্য থাকলেও ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। একই সময়ে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পাঁচজন থেকে বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।


অনলাইন ডেস্ক:
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি দাপ্তরিক কার্যক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই পরিপত্রের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে পদবি ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হলো।

সুত্র: নিউজ২৪

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্বুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে-ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। এই কাজের ভিত্তি হচ্ছে-তথ্য সংগ্রহ। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের তাই উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব প্রশিক্ষকদের। আমরা বিশ্বাস করি, আন্তরিকতার সাথে প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং পরবর্তীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন।

তিনি বলেন, প্রশিক্ষকবৃন্দ যেহেতু সরকারের নিয়মিত স্টাফ। তাই আপনাদের দায়িত্ব অনেক বেশী। আগামী চার বছর আপনারা প্রশিক্ষণ দেবেন। শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ নয়, মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও আপনাদেরকেই ভূমিকা পালন করতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমান সরকার শপথ গ্রহনের মাত্র দশ দিনের মাথায় এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রকল্পের পাইলটিং থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি, সেই দিক নির্দেশনার আলোকে পরিচালিত প্রশিক্ষণ শতভাগ সফল হবে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সর্বজনীন। দেশের দেড় কোটি পরিবারের কাছে স্বপ্ন পৌঁছে দেওয়ার কাজ এটি। এই কাজে সম্পৃক্ত থাকতে পারা অনেক গৌরবের। তাই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে হতে হবে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও কৃষকদের জন্য সারের সরবরাহ নিশ্চিত করতে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি, ডিএপি ও ইউরিয়া সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পাশাপাশি স্বাস্থ্য, সড়ক, নৌপরিবহন, বাণিজ্য ও জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব অনুমোদন দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) কমিটির ৪৩তম সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ১৮টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে ডিএপিএফসিএল ও টিএসপিসিএলের জন্য ফসফরিক এসিড আমদানিসংক্রান্ত দুটি প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৬ সময়ে গ্যাস অয়েল ও জেট এ-১সহ জ্বালানি তেল কেনার কয়েকটি প্রস্তাবে দরদাতাদের প্রিমিয়াম ও রেফারেন্স মূল্য নিয়ে আলোচনা করে পুনরায় সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বেলারুশ থেকে বেসরকারি পর্যায়ে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৩৯৮ দশমিক ৯৭ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ১০০ মার্কিন ডলার ।

এ ছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস, এস.এ. থেকে জিটুজি পদ্ধতিতে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ৮৮৯ দশমিক ৩৩ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ৪৩৯ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ১৮০ টাকা।

অন্যদিকে, সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টনের দাম ৩৯১ দশমিক ৬৬ মার্কিন ডলার এবং মোট ব্যয় ১৯৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৩৬০ টাকা।

সভায় দেশের আটটি বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগ নির্ণয় ইমেজিং ব্যবস্থা আধুনিকায়নে ডিজিটাল এক্স-রে, এনজিওগ্রাফি, গ্যাস্ট্রোস্কোপি, কোলোনোস্কোপি, এমআরআই, সিটি স্ক্যানার, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি এবং পিএসিএস/আরআইএস কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক ও সেতু পুনর্বাসন ও পুনঃনির্মাণের দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরে পোর্ট ভবন, পার্কিং, ইয়ার্ড, শেড, গুদাম ও ট্রান্সশিপমেন্ট শেড নির্মাণের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ৯ হাজার মেট্রিক টন ছোলা এবং ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। জ্বালানি খাতে টোটালএনার্জিস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

এমকন্ঠ/এস


স্টাফ রিপোর্টার:
বিধবা এক নারী ভবিষ্যতের কথা ভেবে একটি জর্দার কৌটায় অল্প অল্প টাকা সংরক্ষণ করেন। প্রায় এক দশক ধরে প্রায় ২ লাখ টাকা জমায় ওই জর্দার কৌটায়। কিন্তু প্রয়োজনের সময় কৌটা খুলে দেখেন, ভেতরে থাকা সব নোট আর্দ্রতা ও সময়ের প্রভাবে টুকরো টুকরো হয়ে গেছে। দীর্ঘদিনের কষ্টের সঞ্চয় এক মুহূর্তেই অচল হয়ে পড়ায় কপালে চরম দুশ্চিন্তায় পড়েছেন ওই বিধবা নারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের বাসিন্দা বিধবা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে জীবনের কঠিন এই বাস্তবতার কথা জানান।

মনোয়ারা বেগম জানান, তার স্বামী জিয়া উদ্দীন প্রায় তিন মাস আগে মারা গেছেন। জীবদ্দশায় তিনি মিষ্টি তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। অন্যদিকে মনোয়ারা বেগম ভোগাই নদী থেকে বালু ও পাথর সংগ্রহ করতেন। সেগুলো বিক্রি করে সংসারে যোগান দিতেন। সংসারের খরচ মিটিয়ে প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। খুচরা টাকা বদলে এক হাজার টাকার নোট সংগ্রহ করে মোট ২ লাখ টাকা একটি জর্দার কৌটায় রেখে দেন। প্রায় আট মাস ধরে কৌটাটি আর খোলা হয়নি।

সম্প্রতি টাকার প্রয়োজন হলে কৌটার মুখ খুলতে না পেরে সেটি কেটে খোলা হয়। তখন দেখা যায়, ভেতরে থাকা সব নোট নষ্ট হয়ে গেছে এবং ব্যবহার করার মতো অবস্থায় নেই।

কান্নাজড়িত কণ্ঠে মনোয়ারা বেগম বলেন, সংসারে স্বামী নেই। দুজন মেয়ে আছে। অনেক কষ্ট করে দুই মেয়ের বিয়ে দিয়েছি। এই টাকাটাই ছিল আমার শেষ ভরসা। আগের মতো কাজও নেই। ভোগাই নদীতে এখন আর আগের মতো পাথর পাওয়া যায় না। অনেক কষ্ট করে জমানো টাকাগুলোও নষ্ট হয়ে গেল। এখন কীভাবে চলব, বুঝতে পারছি না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মনোয়ারা ও তার স্বামী দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে সংসার চালিয়েছেন। স্বামীর মৃত্যুর পর এমনভাবে সঞ্চয়ের টাকাগুলো নষ্ট হয়ে গেছে। এই টাকা শুধু টাকা ছিল না, মনোয়ারা বেগমের ভবিষ্যৎ জীবনের একমাত্র ভরসাও ছিল। সেই সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।

অসহায় এই নারীর পাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা, যাতে তিনি নতুন করে জীবন শুরু করার সুযোগ পান।

এমকন্ঠ/এস


স্টাফ রিপোর্টার:
দেশে মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও গ্রেফতার সত্ত্বেও থামছে না মাদকসংক্রান্ত অপরাধ। বরং প্রতিদিনই বাড়ছে মাদক মামলা। গত আড়াই বছরে দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় লাখে। অর্থাৎ গড়ে প্রতি বছর ৫০ হাজারেরও বেশি মামলা হয়েছে। চলতি বছরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বছরের প্রথম সাত মাসেই মাদকসংক্রান্ত মামলার সংখ্যা ছাড়িয়েছে ৩৯ হাজার।

পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এসব অভিযানে নিয়মিত মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেফতার করা হচ্ছে। তবে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে অনেকেই ফের মাদক কারবার বা সেবনে জড়িয়ে পড়ছে। বিশেষ করে চিহ্নিত ও বারবার গ্রেফতার হওয়া মাদক কারবারিদের একটি অংশ জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ায় মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ফলে একদিকে অভিযান ও গ্রেফতার অব্যাহত থাকলেও অন্যদিকে একই ব্যক্তিদের পুনঃপুন অপরাধে জড়িয়ে পড়ার কারণে মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

পুলিশ সদর দফতরের তথ্য বলছে, গেল আড়াই বছরে মাদক মামলা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৩৬টি। ২০২৪ সালের ১২ মাসে ৫২ হাজার ১৭টি মামলা হয়েছে। পরের বছর ২০২৫ সালে ১২ মাসে মামলা হয়েছে ৫০ হাজার ৮০৫টি। আর চলতি বছর গত সাত মাসে ৩৯ হাজার ১১৪টি মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৪ হাজার ৯২২টি, ফেব্রুয়ারিতে ৩ হাজার ৩৬৯টি, মার্চে ৫ হাজার ৬২টি, এপ্রিলে ৫ হাজার ৭০৬টি, মে-তে ৭ হাজার ৯২টি, জুনে ৬ হাজার ৫৮০টি এবং জুলাই মাসে ৬ হাজার ৩৮৩টি।

২০২৬ সালের প্রথম সাত মাসেই মাদকসংক্রান্ত মামলার সংখ্যা ছাড়িয়েছে ৩৯ হাজার। গত সাত মাসের পৃথক হিসেবে, সবচেয়ে বেশি মাদক মামলা জানুয়ারিতে ঢাকা রেঞ্জে ১ হাজার ৯৭টি, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম ৮১৭টি, তৃতীয় ঢাকা মহানগর ৫৬৪টি এবং তৃতীয় বরিশাল ৩১টি। তবে চার রেঞ্জ ও ঢাকা মহানগর মিলে মামলার সংখ্যা ৩ হাজার ৩৮৪টি। যা মোট মামলার ৬৮ শতাংশ। রেঞ্জগুলো হলো-ঢাকা, চট্টগ্রাম, ডিএমপি, খুলনা ও রাজশাহী।

২০২৬ সালের মে ও জুন মাসের মামলা বিশ্লেষণ করলে দেখা যায়, মে মাসে ঢাকা রেঞ্জে মামলার সংখ্যা ১ হাজার ৫৫৫টি, চট্টগ্রাম রেঞ্জে ১ হাজার ১২৮টি, রংপুর রেঞ্জে ৭৪৭টি, ঢাকা ও চট্টগ্রাম মিলে ২ হাজার ৬৮৩টি। আর শীর্ষ পাঁচ রেঞ্জ মিলে মামলার সংখ্যা ৪ হাজার ৭৬৬টি। গত জুন মাসে ঢাকা রেঞ্জে মামলা হয়েছে ১ হাজার ৫৯০টি, চট্টগ্রাম রেঞ্জে ৯৮৪টি, খুলনা রেঞ্জে ৬৬১, রাজশাহী রেঞ্জে ৬০৬টি এবং রংপুর রেঞ্জে ৬০০টি। অর্থাৎ রংপুর রেঞ্জেসেবচেয়ে কম ৬০০টি মামলা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্টরা বলছেন, নদীপথ ও নৌবন্দরসংলগ্ন এলাকাগুলোতে মাদক পাচারের ঝুঁকি বেশি থাকে। মহাসড়কগুলোর বিভিন্ন ক্রসিং, বাসস্ট্যান্ড ও টোলপ্লাজা এলাকা মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হওয়ায় এগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এছাড়াও ঢাকা সংলগ্ন জেলাগুলোর রেলওয়ে স্টেশন ও এর আশপাশের অবহেলিত কলোনি বা চত্বর মাদকের আখড়া হিসেবে পরিচিত।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগের তুলনায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের সক্রিয়তা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকায় এখন আগের চেয়ে বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এসব অভিযানে মাদকসেবী, বিক্রেতা ও সরবরাহকারীদের গ্রেফতার করা হচ্ছে। তবে গ্রেফতারের পর আসামিদের একটি বড় অংশ জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে চিহ্নিত মাদক কারবারিদের কেউ কেউ বারবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছেন।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি সাহাদাত হোসেন বলেন, মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক সরবরাহকারী ও কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত ও টার্গেটেড অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।

মাদক মামলার জট কমাতে ২২ ট্রাইব্যুনাল:
কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তির অপরাধযোগ্য মাদকের মামলার বিচারে ২২টি ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সম্প্রতি আইন ও বিচার বিভাগ থেকে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করে সেগুলোর স্থানীয় অধিক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন কমপক্ষে পাঁচ বছর বা এর চেয়ে বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক স্থানান্তরিত হবে। কোনো মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকে উক্ত মামলার বিচার পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আমিরুল কবির সুজন.
উত্তরাঞ্চলে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সবজির জন্য বিখ্যাত এ অঞ্চলের কৃষকরা এবার আগাম শীতকালীন সবজির ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরের বেশিরভাগ কৃষি জমিতে মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লালশাকসহ শীতকালীন বিভিন্ন সবজির চাষ শুরু হয়েছে। ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন ও অধিক ফলনের আশায় দিনরাত কঠোর পরিশ্রম করছেন এ অঞ্চলের কৃষক-কৃষাণীরা।

ইতোমধ্যে বাজারেও আসতে শুরু করেছে কিছু আগাম শীতকালীন সবজি। পাওয়া যাচ্ছে বাঁধাকপি, শিম, লাউ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বেশি লাভ ও বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তরের আট জেলা— রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চলতি মৌসুমে ৩৩ হাজার ৯০০ হেক্টর জমিতে প্রায় ৩ লাখ ১৪ হাজার টন আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উত্তরের জেলাগুলোতে ব্যাপকভাবে শীতকালীন সবজির চাষ হয়ে থাকে। বিশেষ করে রংপুর অঞ্চল দেশের অন্যতম সবজি ভাণ্ডার হিসেবে পরিচিত।

বাজারেও পাওয়া যাচ্ছে শিম, মূলা, বাঁধাকপি সহ কিছু আগাম শীতকালীন সবজি।

উত্তরে এখনো শীত না নামলেও মাঠে-মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। অনেকেই ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। বাণিজ্যিকভাবেও ব্যাপক পরিসরে চাষ হচ্ছে এসব সবজি। ইতোমধ্যে সবুজে সবুজে ভরে উঠতে শুরু করেছে বিস্তীর্ণ মাঠ। সারি সারি বিভিন্ন জাতের শাক-সবজিতে শোভা পাচ্ছে উত্তরের কৃষিজমি।

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর এলাকার কৃষক জাহিদুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এবারও তিনি আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। জমিতে বাঁধাকপি ও ধনেপাতা লাগিয়েছেন তিনি। গত বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে প্রতি মণ বাঁধাকপি ২ হাজার টাকা দরে বিক্রি করেছেন। এ ছাড়া প্রায় ১০ হাজার টাকার ধনেপাতা বিক্রি করেছেন। উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পেয়ে খুশি তিনি।

একই এলাকার আরেক কৃষক আয়নাল মিয়া জানান, তিনি স্বল্প সময়ে বাঁধাকপি, শিম, মূলা, লালশাক ও ধনেপাতার আবাদ করেছেন। তিনি আরও বলেন, এবার বেশি বৃষ্টি হওয়ায় অনেক কৃষকের আবাদ নষ্ট হয়েছে। তবে আশার কথা, প্রায় সবাই নতুন উদ্যমে আবারও আগাম সবজি চাষ শুরু করেছেন।

রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকিতে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। এর ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের মুনাফা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

প্রাকৃতিক কিছুটা প্রতিকূলতা সত্ত্বেও উত্তরের কৃষকরা নতুন আশা ও উদ্যম নিয়ে মাঠে ঘাম ঝরাচ্ছেন। কৃষি বিভাগের পরামর্শ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার আগাম শীতকালীন সবজির বাম্পার ফলনের পাশাপাশি কৃষকরাও ভালো দাম পাবেন—এমন প্রত্যাশাই এখন উত্তরের সবুজ মাঠজুড়ে।

এমকন্ঠ/এস


স্টাফ রিপোর্টার:
ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে থামছেনা ভাঙ্গন। বর্ষা শেষ হলেও এখনো নদীভাঙন চলছে। বেশকিছু ভাঙ্গন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তার পরেও ভাঙ্গছে নদী কাদছে মানুষ, থামছেনা ব্রহ্মপুত্রের ভাঙন। ঘরবাড়ি, আবাদি জমি, রাস্তা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের ভাঙনে উলিপুর উপজেলার চরাঞ্চল জাহাজের আলগা এলাকায় প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, বাড়িঘর, আবাদি জমি ও গাছপালা।

পাউবোর তথ্যমতে, কুড়িগ্রাম জেলার মধ্যে বড় চারটি নদীর দুই তীরের দৈর্ঘ্য প্রায় ৩৬০ কিলোমিটার। এর মধ্যে মাত্র ৭০ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ রয়েছে। এসব এলাকায় এখন ভাঙন নেই। অন্যদিকে অরক্ষিত নদীতীর ও চরাঞ্চলে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

এদিকে তিস্তার পানি কিছুটা বাড়ার পর বাঁধের মূল রাস্তার একটি অংশে ফাটল ধরে ভাঙন শুরু হয়। পরে নদীর তীব্র স্রোতে বাঁধের তলদেশের মাটি ও বালু সরে যায়। পাউবো সেখানে জিও ব্যাগ ফেলছে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধটি ভেঙে গেলে বড়দরগা, বুড়িরহাট, রামহরি, চতুরা, কালিরমেলা ও ডাংরারহাট গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়বে।

অন্যদিকে উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের কঁচাবাঁচা জাহাজের আলগা এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে গত এক মাসে প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় ৪০ একর ফসলি জমি নদীতে চলে গেছে। ভাঙনের মুখে পড়েছে জাহাজের আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিকসহ আরও বেশকিছু স্থাপনা।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতিপুরেও ব্রহ্মপুত্রের ভাঙন চলছে। এক সপ্তাহে পাঁচটি বাড়িসহ কয়েক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এর আগে চরের একমাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়েছে।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ভাঙন এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। বর্তমানে ভাঙনরোধ হওয়ায় শঙ্কামুক্ত রয়েছে। পাশাপাশি জেলার বেশ কিছু এলাকায় স্থায়ী প্রকল্পের কাজ চলমান রয়েছে। আরও কয়েকটি প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ভাঙন অনেকাংশে কমে যাবে। তবে বেশ কিছু চর ও দ্বীপচর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় কাজের বরাদ্দ পাওয়া যায় না। তারপরও আমরা চেষ্টা করছি।

এমকন্ঠ/এস

Ads Banner

Social Profile