
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ফাতেমা বেগম (৬০) নামে এক নারী।
নিহত আনিসুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা আরোহী মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী ‘নাবিল পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় আরোহী আনিসুর রহমানের মাথা পিষ্ট হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত ফাতেমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও আহতের মধ্যকার সঠিক সম্পর্ক তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
এমকন্ঠ/এস