স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আধুনিক পদ্ধতি ব্যবহারে বাড়ির আঙিনায় দেশীয় প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। উপজেলার কয়েকটি ইউনিয়নে বাড়ির আঙিনায় ট্যাংকি স্থাপন করে দেশীয় প্রজাতির মাছ চাষে অনেক মৎস্য চাষি সফল হয়েছেন। তারা এক বছর ধরে আধুনিক পদ্ধতি ব্যবহার করে মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর অধ্যাপক ড. মো. হারুন-উর রশিদ বলেন, চাষিদের আগ্রহ দেখে হাবিপ্রবির মৎস্য অনুষদ বিভাগ থেকে তাদের আধুনিক পদ্ধতিতে পরীক্ষা মূলক মাছ চাষ করার পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী তাদের বাড়ির আঙিনায় ট্যাংকি স্থাপন করে দেশীয় প্রজাতির মাছ চাষের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়।
অধ্যাপক হারুন-উর রশীদ বলেন, প্রথম পর্যায়ে এই পদ্ধতিতে মাছ উৎপাদনে চাষিরা সফল হয়েছেন। পার্বতীপুর উপজেলায় কয়েকটি ইউনিয়নে ১০৫’টি ট্যাংকিতে এই পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। ২০ থেকে ২৫ হাজার লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন প্রতিটি ট্যাংকির উচ্চতা প্রায় ৪ থেকে সাড়ে ৪ ফুট। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর এ পদ্ধতির নাম ‘খরাপ্রবণ এলাকায় ট্যাংকিতে উচ্চ-মূল্যের দেশি প্রজাতির মাছ চাষ’।
ট্যাংকিতে উচ্চ মূল্যের দেশি মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উপজেলার পল্লি এলাকার অনেক মানুষ। অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অনেক বেশি লাভজনক।
পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম হাবড়া গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩৫) বাড়ির আঙিনায় ট্যাংকিতে উচ্চ মূল্যের দেশি প্রজাতির মাছ চাষ করছেন। তার এসব ট্যাংকিতে কই, তেলাপিয়া, শিং ও মাগুর মাছ চাষ করা হচ্ছে।
নারী উদ্যোক্তা মাছ চাষি সাহিদা বেগম বলেন, গ্রামে কারও বাড়িতে মেহমান বেড়াতে এলে আমাদের কাছে মাছ কিনতে আসেন প্রতিবেশীরা। ৩ থেকে ৪ মাস পর প্রতিটি ট্যাংকি থেকে ৪শ থেকে ৫শ গ্রাম ওজনের মাছ উৎপাদন হয়। প্রতি কেজি মাছ বিক্রি করা হয় ৩০০ থেকে ৪০০ টাকা। শিং মাছ কেজিতে ১০ থেকে ১২টি হচ্ছে।
জেলার চিরিরবন্দর উপজেলা থেকে ট্যাংকিতে মাছ চাষ দেখতে আসা নারী উদ্যোক্তা রেবেকা বেগম (৩৫) বলেন, সাহিদা আপার পানির ট্যাংকে মাছ চাষ দেখার জন্য আমি তেতুলিয়া গ্রাম থেকে এসেছি। এতদিন জানতাম পুকুরে মাছ পালন হয়। এখন দেখছি বাড়ির আঙিনায় ট্যাংকিতে মাছ করা হচ্ছে। আমি আগামীতে ট্যাংকিতে এ প্রদ্ধতিতে মাছ চাষ করবো।
পার্বতীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. খালেদ মোশাররফ জানান, পার্বতীপুর পৌরসভা ও উপজেলার ৫’টি ইউনিয়নে এখন ট্যাংকে উচ্চ মূল্যের মাছ চাষ করা হচ্ছে। অনেক মৎস্য চাষীর পুকুর নেই। পুকুরে পানিও থাকেও না। কিন্তু এ পদ্ধতিতে ট্যাংকের অল্প পানিতে মাছ চাষ করা যায়। এ পদ্ধতিতে মাছ চাষে পানির গুণাগুণ বৃদ্ধি ও রোগ সৃষ্টিকারী ক্ষতিকর জীবাণু নিয়ন্ত্রণ করা সম্ভব। পার্বতীপুরে ট্যাংক পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।