
মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ
পবিত্র রমজান মাসে সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। ২০ দিন আগে যে লেবুর দাম পিসপ্রতি ছিল ৫ থেকে ১০ টাকা, সেটি এখন ঢাকায় বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। গ্রামেও ১০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি লেবু।
রোজা ও গরমে বাড়তি চাহিদা লেবুর দাম বৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। সোমবার (৩ মার্চ) রাজধানী ঢাকা ও মফস্বল এলাকার বাজারে মিলেছে এমন তথ্য।
বাজারে সবচেয়ে বেশি দেখা গেছে কলম্বো লেবু (গোল আকৃতির), এলাচি লেবু (লম্বাটে আকৃতির) ও কাগজি লেবু।
বিক্রেতারা জানান, আকারভেদে লেবুর দাম নির্ধারণ করা হচ্ছে। রোজা শুরুর দুই সপ্তাহ আগে হালিপ্রতি ২০ থেকে ৩০ টাকায় লেবু বিক্রি হতো। তবে এখন সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ী লোকমান মিয়া জানান, কয়েক ধরনের লেবু আছে তার দোকানে। এর মধ্যে ছোট আকৃতির লেবুগুলোর ডজন ১৮০ টাকা এবং বড় আকৃতিরগুলো ডজন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের কারণে চাহিদা বাড়ায় দাম বেড়েছে।
এছাড়া আকার ও জাতভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান , প্রতি বছর রমজান শুরুর আগে লেবুর দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। সেই সঙ্গে গরমের কারণে শরবতের জন্যও লেবুর চাহিদা বেড়েছে। এদিকে লেবুর দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছেন ক্রেতা সাধারণ।
এমকে/এডমিন/মার্চ-২০২৫