ঈদ আনন্দ ৩য় দিন: রংপুরে বইছে উৎসবের রঙিন জোয়ার

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে বইছে উৎসবের রঙিন জোয়ার। টানা ছুটির আবহে মানুষের আনন্দ যেন থামতেই চাইছে না। পরিবার-পরিজন, বন্ধু-স্বজনকে সঙ্গে নিয়ে নগর থেকে গ্রাম—সবখানেই এখন একটাই সুর, আনন্দ আর অবকাশের।

সোমবার ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে রংপুরের পার্ক, উদ্যান, নদীতীর আর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। বিশেষ করে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা রঙিন পোশাকে নিজেদের মতো করে উদ্‌যাপন করছে ঈদের আনন্দ, যা পুরো পরিবেশকে করে তুলেছে আরও বর্ণিল ও প্রাণবন্ত।

নগরীর ঘাঘট নদীর তীরে অবস্থিত ‘প্রয়াস’ বিনোদন পার্ক, ফ্যান্টাসি জোন, তাজহাট জমিদার বাড়ি, চিকলী লেক ওয়াটার পার্ক, রংপুর চিড়িয়াখানার শিশু পার্ক, ‘সুরভী উদ্যান’ ও ‘রূপকথা থিম পার্ক’—সবখানেই ছিল মানুষের ঢল। টাউন হল চত্বর, জেলা স্কুল মাঠ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিণত হয়েছে মিলনমেলায়।

শুধু নগরেই নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও ছিল একই চিত্র। মিঠাপুকুর ইকোপার্ক , পীরগঞ্জের গঞ্জিপুর ভিন্নজগত, আনন্দনগর পার্ক; বদরগঞ্জের মায়া ভুবন; কাউনিয়ার তিস্তা পার্ক ও তিস্তা সেতু; পীরগাছার নীলাম্বর জলমহল, আলী বাবা থিম পার্ক ও তাজ ইকোভেঞ্চার; গঙ্গাচড়ার মহিপুর ঘাট এবং তিস্তা ব্যারেজ খাল—সবখানেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

ঈদের এই ভিড়কে ঘিরে বিনোদন কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী মেলা, হস্তশিল্পের দোকান, খাবারের স্টল ও খেলনার পসরা। ফলে বিনোদনের পাশাপাশি জমে উঠেছে ছোটখাটো বাণিজ্যও।

প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে চিকলী লেক ওয়াটার পার্ক। সেখানে নৌভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটিতে এমন পরিবেশে ঘুরে বেড়ানো তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

সব মিলিয়ে, ঈদের তৃতীয় দিনেও রংপুর বিভাগ যেন রূপ নিয়েছে এক বিশাল উন্মুক্ত আনন্দমেলায়—যেখানে প্রকৃতি, মানুষ আর উৎসব মিলেমিশে তৈরি করেছে অনন্য এক উদযাপনের ছবি।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *