রংপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মিঠাপুকুরের কন্ঠ ডেস্ক:
রংপুরে হানি ট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রল) দুপুরে রংপুর নগরীর কটকিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে বাইরে থেকে আসা নানা বয়সী পুরুষদের মাদক সেবন করিয়ে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে বিপুল অঙ্কের টাকা আদায় করত।

শুক্রবার সকাল ১০টার দিকে রংপুরের লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসামিরা মাদক সেবনকালে এলাকাবাসীর হাতে আটক হন। পরে পুলিশকে খবর দেয়া হলে তাদের কোতোয়ালি মেট্রো থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোতোয়ালি থানার পূর্ব কামাল কাছনা এলাকার হামিদ মিয়ার ছেলে মোতাহার হোসেন (২৬), মাহিগঞ্জের মোজাফ্ফর হোসেনের ছেলে সিফাত রহমান (২৫), মূলটোল পাকার মাথা এলাকার বাদশা হকের মেয়ে সিনথিয়া জান্নাত (১৯) এবং রবাটসনগঞ্জ মণ্ডলপাড়ার এমদাদুল হকের মেয়ে সাইয়্যাদুল জান্নাত। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তবে তাদের কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা যায়নি। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অভিযোগ রয়েছে, তারা মাদক সেবন করিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *