‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ কেন পড়া হয়

মিঠাপুকুরের কন্ঠ ডেস্ক:
‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ একটি দোয়া। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। বাক্যটি অনেক মূল্যবান ও ফজিলতপূর্ণ। এটি পড়লে জান্নাতের ধনভাণ্ডারের মালিক হওয়া যায়। আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ বললাম, ‘অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসুল। তিনি বললেন, لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللَّٰهِ (লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ)।’ (সহিহ বুখারি, হাদিস: ২৯৯২)

হাজিম ইবনে হারমালা (রা.) বলেন, ‘আমি নবী (সা.)-এর কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, ‘হে হাজিম, তুমি অধিক সংখ্যায় ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বাক্যটি পড়ো। কেননা তা হলো জান্নাতের গুপ্তধন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪২০৪)

এ বাক্যটি যে কোনো সময় পড়া যায়। তবে নিজেকে প্রচণ্ড রকম অক্ষম মনে হলে, কোনো কাজ সক্ষমতার বাইরে চলে গেলে বা জটিল কাজের মুখোমুখি হলে এ বাক্যটি পড়া জরুরি। এতে কষ্টসাধ্য কাজও সহজ হয়। জটিল কাজ সহজে আয়ত্তে এসে পড়ে। এ ছাড়া শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচতে এ দোয়াটি পড়া হয়।

দোয়া কবুলের আমল
হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। দোয়াটি হলো—

لاَ إلَهَ إلاَّ اللَّهُ وَحْدَهُ ، لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لاَ حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله العلي العَظِيْم ، سُبْحَانَ اللهِ وَالحَمدُ لله ، وَلاَ إلَهَ إلاَّ اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু, লা শারিকালাহু লাহুল মুলকু, ওয়ালা হুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিই য়িল আজিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। তাঁরই জন্য রাজত্ব, তাঁরই জন্য সমস্ত প্রশংসা। তিনি সব বস্তুর ওপর ক্ষমতাবান। আল্লাহর শক্তি ও সামর্থ ছাড়া কোনো উপায় নেই। অতি পবিত্র আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাসক নেই। আল্লাহ মহান।

আজানের জবাব
মুয়াজ্জিন আজানের সময় যখন ‘হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ’ বলে, তখন ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হয়। (সহিহ মুসলিম, হাদিস: ৫৭৮)

ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া
আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হলো—

بِسْمِ اللهِ تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালুত আলাল্লাহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর ওপর ভরসা। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা ও শক্তি নেই। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৪৩১)

এমকন্ঠ/এস/ইসলামিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *