মিঠাপুকুরে ফ্যামিলি কার্ডের নামে ধর্ষণচেষ্টার অভিযোগ: বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে কার্ড করে দেওয়ার নামে সম্পর্ক তৈরী তারপর সুযোগ বুঝে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে।অভিযুক্ত নেতার নাম এনামুল হক। তিনি উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। ঘটনাটি জানাজানি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিম্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের তদন্তের জন্য ৪নং ভাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের এক ভ্যানচালকের স্ত্রীর সাথে বিএনপি নেতা এনামুল হকের পরিচয় হয়। গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর সকালের দিকে এনামুল ওই নারীর বাড়িতে যান এবং কার্ডের জন্য তার ব্যক্তিগত মোবাইল নম্বর চান। বাড়িতে কেউ না থাকার সুযোগে এনামুল ওই গৃহবধূকে অশালীন প্রস্তাব দেন এবং একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী অভিযুক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে আত্মরক্ষা করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা এনামুল হক। তিনি দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকন্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *