সার পেতে ডিলার পয়েন্টে কৃষকদের ভিড়, সংকট নেই দাবি কৃষি বিভাগের

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে আমন চাষের ভরা মৌসুমে সার সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ডিলার পয়েন্টে সারের জন্য কৃষকদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট ও ফকিরহাট এলাকার ডিলার পয়েন্টগুলোতে দেখা যায়, কৃষকরা লাইনে দাড়িয়ে সারের জন্য অপেক্ষা করছেন। কৃষকরা বলছেন সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তবে কৃষি বিভাগের দাবি উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সংকটের বিষয়টি স্রেফ ‘গুজব’।

ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাটে এনবি ট্রেডিংয়ে আসা কৃষক দেলোয়ার হোসেন ও রুহুল আমিন বলেন, সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর গড়িয়ে গেলেও সারের দেখা নেই। ডিলাররা বলছেন সার নেই।

একই ইউনিয়নের কৃষক ইয়াছিন আলী ও রোকনুজ্জামান গুরুতর অভিযোগ তুলে বলেন, দিনের বেলা কৃষকদের সার দেওয়া হচ্ছে না, কিন্তু সন্ধ্যার পর গোপনে সার পাচার করা হচ্ছে।

অপরদিকে ফকিরহাট এলাকার কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তারা সার পাচ্ছেন না।

শুকুরেরহাট এলাকায় বিসিআইসি ডিলার কোরবান আলী বলেন, বরাদ্দের তুলনায় চাহিদা বেশি হওয়ায় এই সমস্যার দেখা দিয়েছে। কৃষকদের চাহিদা মেটাতে বেশি দামে সার সরবরাহ করা হয়। এ জন্য অনেক সময় নির্ধারিত দামের চেয়ে দাম কিছুটা বেশি নিতে হয়।

এদিকে ফকিরহাট ডিলার পয়েন্টে অব্যবস্থাপনার বিষয়ে সমবায় সমিতির কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সেখানে নিয়মিত ম্যানেজার না থাকায় একজন সাধারণ কর্মচারী দিয়ে কাজ চালানো হচ্ছে, ফলে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম জানান, সারের কোনপ্রকার সংকট নেই। চলতি আমন মৌসুমে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। মাঠ পর্যায়ে কৃষকরা একসঙ্গে জমিতে সার দিচ্ছেন। এ কারণে ডিলার পয়েন্টগুলোতে সারের জন্য কিছুটা চাপ বা ভিড় বাড়তে পারে। কিন্তু সার সংকট নেই, এটা স্রেফ গুজব।

মাঠপর্যায়ে কৃষকদের দাবি, সঠিক সময়ে সার পেতে ডিলার পয়েন্টগুলোতে বিতরণ ব্যবস্থা ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম রোধে মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *