স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় অন্যের জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে আল মামুন দিলশাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে গেলে জমির মালিককে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহরিয়ার শাকিব।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, উপজেলার শঠিবাড়ি হরিপুর মৌজার জেএল নং-২৫৪ আরএস খতিয়ান-৩৩৯ এর ৫৩৭ নং দাগে ২৮ শতক জমি রয়েছে। উক্ত জমি পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দুলহাপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ভুক্তভোগী শাহরিয়ার শাকিব (২৮) ভোগদখল করে আসছিলেন।
গত ২ এপ্রিল থেকে শাহরিয়ার শাকিবের ভোগদখলে থাকা জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেন অভিযুক্ত দুলহাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে আল মামুন দিলশাদ (৩২)। অন্যায়ভাবে জমি দখলে নিয়ে বিল্ডিং নির্মাণ কাজের বাধা দিতে গেলে শাহরিয়ার শাকিব ও তার পরিবারের লোকজনের উপর হামলা করার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় আত্মরক্ষা করে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেন জমির প্রকৃত মালিক শাহরিয়ার শাকিব।
সরেজমিনে উপজেলার শঠিবাড়ি বৈরাতীমোড় এলাকায় নির্মাণাধীন বিল্ডিংয়ে গিয়ে অভিযুক্ত আল মামুন দিলশাদকে পাওয়া যায়নি। কিন্তু ওই জমিতে পাকা ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। ঘটনার বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তির সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মিঠাপুকুর থানার ওসি মোঃ এরশাদুল হক জানান, আমি নতুন এসেছি। তবে যদি কেউ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকন্ঠ/এস