অনলাইন ডেস্ক:
শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা ১৬ দিনের ছুটি মিলবে।
যদিও কলেজ পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ আলাদাভাবে উল্লেখ নেই। তবে ঈদুল আজহার মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে কলেজ শিক্ষার্থীদের মোট ছুটি হবে ১৬ দিন।
অন্যদিকে মাদ্রাসাগুলোয় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে থেকে, আর শেষ হবে আগামী ১১ জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়।
এমকন্ঠ/এস