Skip to content

নামজারিতে ঘুষ, হাসপাতালে হয়রানি ও নদীভাঙন প্রকল্পে লুটপাট

দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার:
জমি নামজারিতে ঘুষ দাবি, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হয়রানি, নদীভাঙন রোধ প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কারের দরপত্রে অনিয়মের অভিযোগে দেশের চার স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, দুদকের অভিযানে শরীয়তপুরের ডামুড্যায় ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ গ্রহণের অভিযোগের পাশাপাশি মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হয়। এছাড়া ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দরপত্রে অনিয়মের অভিযোগেও অভিযান চালানো হয়।

দুদক সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি এবং সেবা দিতে হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের একটি দল।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে দুদক। অভিযোগে উল্লিখিত স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেনের নামজারি কার্যক্রমে তিন মাসের বেশি সময়ক্ষেপণ এবং ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের বিষয়টিও যাচাই করা হয়।

দুদকের তথ্যমতে, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরিয়তউল্লাহ নিজে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পরে স্থানীয়দের চাপে সাংবাদিকদের উপস্থিতিতে ওই টাকা ফেরত দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়রানি, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করেও শতভাগ বিল উত্তোলনের অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার একটি দল। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে অভিযোগসংশ্লিষ্ট ই-জিপি টেন্ডার প্রক্রিয়ার তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। চিকিৎসাসেবা নিতে হয়রানি, অনিয়ম, দালালের দৌরাত্ম্য এবং হাসপাতালের সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের মতামত নেওয়া হয়। এছাড়া হাসপাতালের রান্নাঘর, রোগীদের খাবারের মান ও সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করা হয়। সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের পরামর্শও দেয় দুদক টিম।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প ও বিষখালী নদীর তীর সংরক্ষণকাজে ভুয়া কোটেশন ও বিল-ভাউচার দেখিয়ে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও অভিযান চালানো হয়েছে। দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযোগ অনুযায়ী, প্রকল্পের আওতায় ল্যাপটপ ও ফটোকপি মেশিন কেনাসহ বিভিন্ন জরুরি কাজের নামে ভুয়া কোটেশন ও বিল-ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযানকালে দুদক টিম প্রকল্পের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের কাজের পরিমাপ নেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

আর ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণকাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম, দরপত্রের নির্ধারিত সময় পরিবর্তন এবং যোগসাজশের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার অভিযোগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের একটি দল।

আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয়ে পরিচালিত এ অভিযানে অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংস্কার ও সংরক্ষণকাজ সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন পর্যালোচনার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Article topics