প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে __রমেকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গত ১৭ বছর জুলুম এবং নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র কেন, বাংলাদেশের প্রতিটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। এরই মধ্যে আপনারা জানেন, এই হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে দিতে পারিনি, এরই মধ্যে পদায়ন হয়েছে। ​আশা করি আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই সহযোগিতা করেন, আমি যেন এই হাসপাতালটাকে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দিতে পারি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ।

ত্রাণমন্ত্রী বলেন, হাসপাতালের বেশকিছু বিয়য়ে গত সভায় যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে ফলোআপ করার জন্য, কতটা কার্যকরী হয়েছে, কতটা কার্যকরী হচ্ছে না, কেন হচ্ছে না সেই বিষয়টা অনুসন্ধান করার জন্য আমি এসেছি।

রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যদিও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়তো একটু সময় লাগছে। তবে আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তাদের আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি।

বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন মন্ত্রী।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ’রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *