ফ্রিতে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে। পাশাপাশি ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এতে ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানও প্রতারণার শিকার হচ্ছে।

এ পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক। এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভিডিওতে ধারণ করা মুখের সঙ্গে অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির মিল পরীক্ষা করে ব্যবহারকারী প্রকৃত ব্যক্তি কি না, তা যাচাই করা হবে।

কীভাবে পাবেন ভেরিফায়েড ব্যাজ
নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করে পরিচয় যাচাই করতে হবে। সফলভাবে যাচাই সম্পন্ন হলে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

মেটা জানিয়েছে, এই ব্যাজের মাধ্যমে বোঝানো হবে যে সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন প্রকৃত মানুষের সঙ্গে যুক্ত। তবে এটি মেটার পেইড ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার থেকে আলাদা। নতুন ব্যবস্থাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে চালু করা হচ্ছে।

কারা পাবেন এই ব্যাজ
ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
ফেসবুক অ্যাকাউন্টটি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।

পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ভেরিফায়েড ব্যাজটি ফেসবুকের বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং।

কেন চালু হচ্ছে এই ব্যবস্থা
মেটার মতে, এআই প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অল্প সময়েই ভুয়া ছবি, ভিডিও ও পরিচয় তৈরি করা সম্ভব হচ্ছে। এর ফলে ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণা ও জালিয়াতির ঝুঁকিও বাড়ছে।

নতুন ভেরিফায়েড ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যে অ্যাকাউন্টের সঙ্গে তারা যোগাযোগ করছেন সেটি একজন প্রকৃত মানুষের পরিচয় যাচাইয়ের মধ্য দিয়ে এসেছে।

তবে মেটা স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা, আচরণ বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি কেবল সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে—এমন একটি সংকেত। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে ব্যাজ দেখা গেলেও সতর্ক থাকা জরুরি।

ধাপে ধাপে চালু হবে সেবা
মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজ ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি দেশে সেবা চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে চালু করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *