স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাবিব মিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিব একই গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশু হাবিব গোসল করার উদ্দেশ্যে একা একাই বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যায়। গোসলে নামার আগে সে তার পরিহিত পোশাক পুকুরপাড়েই খুলে রাখে। এরপর পানিতে নামার পর সে আর উঠে আসতে পারেনি। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও শিশুটি ঘরে না ফেরায় তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাকে খুঁজতে শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির কোন সন্ধান না পেয়ে একপর্যায়ে হাবিবের মা সন্দেহবশত বাড়ির পাশের পুকুরপাড়ে যান। সেখানে সন্তানের জামাকাপড় পড়ে থাকতে দেখে তিনি পুকুরের পানিতে শিশু হাবিবকে ভাসমান অবস্থায় দেখতে পান। মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
শিশু হাবিবের অকাল মৃত্যুতে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকন্ঠ/এস