অনলাইন ডেস্ক:
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সংখ্যার তুলনায় পর্যাপ্ত আবেদন জমা পড়েনি। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রকৃত সুবিধাভোগীদের কর্মসূচির আওতায় আনতেই আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও পর্যাপ্ত আবেদন না পাওয়ায় নতুন কোনো শেষ তারিখ ঘোষণা না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে।
আবেদনের ওয়েবসাইট: dss.bhata.gov.bd/online-application
আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্ত আগের মতোই অপরিবর্তিত থাকবে।
চিঠিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের বিষয়টি অবহিত হয়ে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমকন্ঠ/এস