হাইলাইটস

Category: জাতীয়

Important news from Bangladesh


অনলাইন ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে নেমে যায়। দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী নিজেও পায়ে আঘাত পেয়েছেন।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল পৌনে ৯টার দিকে তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছায়। এ সময় ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের নিচু জমিতে নেমে যায়।

প্রতিমন্ত্রীর গানম্যান মুক্তারুল জানান, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, চালক ও তিনি নিজে অবস্থান করছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই অন্য একটি গাড়িতে করে তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালের অর্থোপেডিক্স ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধার ভাতিজা মো. জাকির জানান, তার চাচি সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। বয়স্ক মানুষ হওয়ায় রাস্তা পার হওয়ার সময় তিনি হয়তো মন্ত্রীর গাড়িবহর খেয়াল করেননি। তখনই গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে।

নিহতের আরেক ভাতিজা মোহাম্মদ ইমরান আলী নয়ন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে তিনি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানিয়েছিলেন, ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিমন্ত্রী এবং সদর থানার ওসি তাদের খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।


অনলাইন ডেস্ক:
দেশের উপজেলা পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ৮ জেলার ৬৪ উপজেলায় এই সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। এই প্যাকেজের অর্ধেক হবে ব্যাংকঋণ, বাকি অর্ধেক অনুদান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক সংবাদ সম্মেলনে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র বিস্তারিত তুলে ধরেন।

কত টাকা পাওয়া যাবে___
নির্বাচিত উদ্যোক্তারা প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। এর মধ্যে ৫০ শতাংশ ব্যাংকঋণ এবং ৫০ শতাংশ অনুদান থাকবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। ঋণের জন্য সহায়ক জামানত লাগবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। এরপর ঋণটি প্রচলিত নিয়মে শ্রেণীকৃত হয়ে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।

কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে—বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে।

আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছর বা তার কম হতে হবে।

সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আগে থেকে ব্যবসা থাকা বা ব্যবসায়িক অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।

নিচের যেকোনো বৈধ উদ্যোগের জন্য আবেদন করা যাবে—

*কৃষি
*খাদ্য প্রক্রিয়াজাতকরণ
*হস্তশিল্প
*মৎস্য
*পশুপালন
*পর্যটন
*সেবাখাত
*প্রযুক্তিভিত্তিক উদ্যোগ

কীভাবে আবেদন করবেন
আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর
আবেদনপত্র পাওয়া যাবে: সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়।

আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।
এরপর এক মাস আবেদন গ্রহণ চলবে।

যেসব জেলায় শুরু হচ্ছে
প্রথম ধাপে ৮টি জেলার ৬৪ উপজেলায় কর্মসূচি চালু হবে। জেলাগুলো হলো—

*রংপুর
*মানিকগঞ্জ
*ফেনী
*নওগাঁ
*ঝিনাইদহ
*ভোলা
*হবিগঞ্জ
*নেত্রকোনা

প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন।

শুধু টাকা নয়, মিলবে আরও যেসব সুবিধা
নির্বাচিত উদ্যোক্তারা অর্থায়নের পাশাপাশি পাবেন—

*উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
*অভিজ্ঞ পরামর্শকের মেন্টরশিপ
*ব্যবসা নিবন্ধনে সহায়তা
*ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা
*বাজার সংযোগের সুযোগ

বাংলাদেশ ব্যাংকের আশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে কর্মসূচিটি দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে এবং প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদে বুধবার (২ সেপ্টেম্বর) আরো ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-কৃষিমন্ত্রী মন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল, মোহাম্মদ রায়হান সাঈদী।

মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে সভাপতি করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ।

রকিবুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান এবং মো. মতিয়ার রহমান।

আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সভাপতি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা এবং মোহাম্মদ আবু তালিব।

কলিম উদ্দিন আহমেদকে সভাপতি করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মো. আবুল খায়ের ভূইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ওবায়দুল্লাহ সালাফী।

মো. আমানউল্লাহ আমানকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার।

আলহাজ মোহাম্মদ জি কে গউছকে সভাপতি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম এবং মো. আবুল কালাম আজাদ।

নাসের রহমানকে সভাপতি করে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল এবং মাহমুদুল্লাহ।

রফিকুল ইসলাম জামালকে সভাপতি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার আতাউর রহমান খান, নূরুল আমিন, নিপুন রায় চৌধুরী, সূবর্না সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান এবং মো. আব্দুল খালেক।

সেলিমা রহমানকে সভাপতি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, বিলকিস বেগম।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সংখ্যার তুলনায় পর্যাপ্ত আবেদন জমা পড়েনি। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রকৃত সুবিধাভোগীদের কর্মসূচির আওতায় আনতেই আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও পর্যাপ্ত আবেদন না পাওয়ায় নতুন কোনো শেষ তারিখ ঘোষণা না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: dss.bhata.gov.bd/online-application
আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্ত আগের মতোই অপরিবর্তিত থাকবে।

চিঠিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের বিষয়টি অবহিত হয়ে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমকন্ঠ/এস


আমিরুল কবির সুজন,স্টাফ রিপোর্টার:

#এজাহারে কী আছে জানেন না বাদী , সময় নিয়েও প্রশ্ন।
#বাড়ির বিদ্যুৎ-সংযোগ কেন বিচ্ছিন্ন ছিল বড় প্রশ্ন?
#ধর্ষণের আলামত মেলেনি, ডোমের বক্তব্য ঠিক নয়।
#তদন্তের ভার ডিবিতে।
# সব প্রশ্নের জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব বললেন নবাগত পুলিশ কমিশনার
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনা দেশ ও বিদেশে আলোচিত হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ চারটি তরতাজা জীবনপ্রদীপ নিভে যাওয়ার পিছনের কারণ কি? এই প্রশ্নের উত্তর মিলছে না। তদন্তে সামনে আসছে কিছু প্রশ্ন ও অসংগতি। এ কারণে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ধোয়াশা কাটছেই না। শুরুতেই মাদক সেবন দেখে ফেলার কারণে নৃশংস এই হত্যাকান্ড ধারণা করা হলেও আসামীদের ডোপ টেস্টে নেগেটিভ আসায় আবারো আরোচনার তৈরি হয়েছে। একের পর এক সামনে আসা নতুন নতুন তথ্যে সন্দেহ বাড়ছেই। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের প্রাথমিক তদন্ত এবং ঘটনাপ্রবাহ ঘিরে নানা প্রশ্নের মুখে উত্তর যেন ব্রাকেটবন্দি। এমন কঠিন সমীকরণ আর প্রশ্নের মধ্যেই মামলার তদন্ত থানা-পুলিশের কাছ থেকে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখায় হস্তান্তর করা হয়েছে। তবে সাধারণ মানুষ একটাই প্রশ্নের সঠিক উত্তর জানতে চান তা হলো এই হত্যার কারণ কি? অবশ্য নবাগত পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেছেন, এই ঘটনা এবং মামলাটি গুরুত্বপূর্ণ। তদন্তের চলমান ধারাবাহিকতায় অনেক প্রশ্নও আসবে, সে প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি।

আলোচিত এই হত্যাকান্ডের ঘটনায় নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তবে নিহত পরিবারের স্বজন, স্থানীয় বাসিন্দা, সচেতন নাগরিক ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকতর তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার দাবি উঠেছে।

এদিকে হত্যার প্রকৃত কারণ নিশ্চিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ঘটনার শুরুতে মাদকের বিষয়টি সামনে আসে কিন্তু পরে পুলিশ ধারণা করেন হত্যাকাণ্ডের পেছনে শুধু ইয়াবা সেবন বা তা দেখে ফেলা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, জমি-সংক্রান্ত বঞ্চনার বিষয়ও ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবে এই হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হত্যার প্রকৃত কারণ নিয়ে প্রশ্নের যোগসুত্র এবং অসংগতি বেড়েই চলছে। অসংগতি আর প্রশ্নের মধ্যেই মামলার এজাহারে সময় নিয়ে গরমিল, স্বর্ণ উদ্ধারের স্থান, মরদেহ উদ্ধারের সময় রাতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকা, ময়নাতদন্তের কাজে নিয়োজিত ডোম তার ভাষ্যে ধর্ষণের ইঙ্গিত, ফরেনসিক বিভাগের চিকিৎসক ও ফরেনসিক ল্যাবের প্রতিবেদন বলছে ধর্ষণের ঘটনা ঘটেনি। এমন নিত্যনতুন বিষয়গুলো সামনে আসায় তদন্ত নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন ও নতুন মাত্রা যুক্ত হয়েছে। এসব প্রশ্ন আর রহস্যের মধ্যেই পুলিশের ধারণা হত্যাকাণ্ডের পেছনে শুধু ইয়াবা সেবন বা তা দেখে ফেলার ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, জমি-সংক্রান্ত বঞ্চনার বিষয়ও ভূমিকা রাখতে পারে। এমন প্রশ্ন আর সন্ধেহের মধ্য দিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। এজাহার থেকে আলামত কিছু অসংগতি ও প্রশ্নের উত্তর মিলছে না। এমন কঠিন সমীকরণের উত্তর খুজতে কাজ করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এজাহার নিয়ে বাদীর দাবি ও প্রশ্ন
মামলার এজাহারে কী লেখা আছে, তা জানেন না বলে দাবি করেছেন মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘মামলা পুলিশেরা লিখছে, থানায়। লেখার পর সই নিছে। পড়ে দেখি নাই। লেখার সময় বসে ছিলাম। লেখা শেষে বলল, বাবু এখানে সই দাও।’ রোববার বেলা আড়াইটা থেকে তিনটার দিকে এজাহারে স্বাক্ষর করেছিলেন বলে জানান গোপীনাথ চক্রবর্তী। অথচ এজাহারে সময় লেখা আছে সকাল ১০টা ৩০ মিনিট। মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে হত্যারহস্য উদ্ঘাটন এবং দুজনকে আটকের কথা জানান রোববার বেলা পৌনে ১টার দিকে। এজাহারে বাদীর স্বাক্ষরের আগেই পুলিশ হত্যারহস্য উদ্ঘাটন এবং দুজনকে আটকের কথা বললেও এজাহারে আটক দুজনের নাম নেই। এ বিষয়ে মামলার বাদী বলেন, ‘গ্রেপ্তার দুজনের নাম এজাহারে নেই কেন, সেটা পুলিশ ভালো জানে।’

এজাহারে অসংগতির বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ‘আমি কাগজ-কলমে যখন পেয়েছি, সেটাই দিছি, মামলা নিয়ে অসংগতির কী আছে। সাড়ে ১০টায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে লেখায় আছে। বাদী কী বলে? কাগজে কলমে তো সাড়ে ১০টাই আছে।’ তিনি আরও বলেন, ‘আর স্যারেরা সংবাদ সম্মেলন করে যেটা বলেছে, সেটাই। এর বেশি কিছু আমরা বলতে পারব না।’

হত্যায় শুধু দুজন জড়িত এবং ইয়াবা সেবনে বাধা পাওয়ায় তাঁরা হত্যার ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ যে বক্তব্য দিয়েছে, তা গ্রহণযোগ্য বলে মনে করেন না বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘পুলিশের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এর পেছনে বড় কোনো চক্র আছে। পুলিশ যদি বলে, এই দুজনে জড়িত আর কেউ নয়; তাহলে কার বিচার কে করবে। ওইটা যদি পুলিশের শেষ কথা হয়, তাহলে বিচার কীভাবে সুষ্ঠু হবে। ডিবি, সিআইডি, পিআইবি—তাহলে এরা কী করে।’

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, ‘প্রতিটি মামলার এজাহার অভিযোগকারীর কথা অনুযায়ী লিখিত হওয়ার কথা। এ ক্ষেত্রে অভিযোগকারী জানেই না, সেখানে কী লেখা আছে। এজাহারের বক্তব্য, ঘটনাস্থলসহ পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। কাজেই সার্বিকভাবে অনেক প্রশ্ন সামনে আসছে। তাই এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।’

বিদ্যুৎ-সংযোগ কেন বিচ্ছিন্ন, কারা করেছিল
লাশ উদ্ধারের রাতে পুরো বাড়ি বিদ্যুৎবিহীন ছিল বলে জানান স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গণপতির বাড়ি থেকে ৫০ মিটার দূরে রাস্তার ধারে মন্দিরের প্রাচীরের মধ্যে থাকা বিদ্যুতের খুঁটি থেকেই সংযোগটি বিচ্ছিন্ন ছিল। লাশ উদ্ধারের সময় মিস্ত্রি ডেকে সংযোগ ঠিক করা হয়। সেই রাতে বিদ্যুৎ-সংযোগ ঠিক করার কাজটি করেছিলেন ইলেকট্রিক মিস্ত্রি উজ্জ্বল বর্মন। তিনি বলেন, ‘রাত ১টার দিকে আমাকে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে দেখি, বৈদ্যুতিক পিলারে মেইন তার থেকে মিটারের তার সম্পূর্ণ আলাদা। সংযোগটি ৩০ ফুট উঁচুতে ছিল। সম্ভবত বাঁশের গুঁতা দিয়ে বা টেনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।’

মামলার বাদী বলেন, ‘বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কাজ (হত্যা) করা হইছে। বিদ্যুৎ বন্ধ করল কারা? এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। নিশ্চয় আরও লোক ছিল। কেউ নিচে কাজ করছে, কেউ ওপরে কাজ করছে। দুজন ছেলেমানুষের পক্ষে চারজনকে খুন করা সম্ভব না।’

আটক ও আলামত উদ্ধার নিয়ে অসংগতি, প্রশ্ন
লাশ উদ্ধারের রাতে ৩টা থেকে সকাল ৬টার মধ্যে মাছুয়াপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে রেখে আটক পলাশ দাস নামে অপরজনকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিবারের সঙ্গে পলাশ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। পরদিন পুলিশ সংবাদ সম্মেলনে দাবি করে, হত্যার পর স্বর্ণালংকার লুট করে মাছুয়াপাড়া মন্দিরের পেছনে পরিত্যক্ত জায়গায় রেখেছিলেন খুনিরা। পুলিশ সেখান থেকে উদ্ধার করে।

স্বর্ণ উদ্ধারের ঘটনার সাক্ষী দুলাল শর্মা। তিনি বলেন, ‘স্বর্ণ উদ্ধারের ঘটনাটির বর্ণনা আর পুলিশ যেখান থেকে উদ্ধার করেছে, তার মিল নেই। এটা সাজানো হতে পারে। নাটকের মতো।’ তিনি আরও বলেন, ‘বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখে আমার মনে হয়েছে, কয়েক ঘণ্টা আগে খুঁড়ে পুঁতে রাখা। মাটি আলগা ছিল।’

পুলিশের বক্তব্য ডোমের ভিডিও, চিকিৎসক যা বললেন
চারজনের লাশের ময়নাতদন্তের কাজে নিয়োজিত ডোম যতন রায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লাশ উদ্ধারের ঘটনা উল্লেখ করে ভিডিওতে তিনি ইঙ্গিত দেন, গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়েকে সম্ভবত হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক বাবুল কুমার বিশ্বাস বলেছেন, নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। প্রতিবেদন পাওয়া গেছে। ধর্ষণের ঘটনা ঘটেনি।

সার্বিক বিষয়ে ডিবির উপকমিশনার সনাতন জানান, দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আসামিদের বক্তব্য পুলিশের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সঙ্গে মিল রয়েছে।

নবাগত পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ শুক্রবার (২৮ আগস্ট) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমি এখানে ঘটনাস্থল দেখতে এসেছি। এই ঘটনা এবং মামলাটি গুরুত্বপূর্ণ। তদন্তের চলমান ধারাবাহিকতায় অনেক প্রশ্নও আসবে, সে প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই মামলা নিয়ে সারাদেশে নানান রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে যথাযথ জবাবদিহির মাধ্যমে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করাই আমাদের লক্ষ্য। যাতে সুবিচার নিশ্চিত হয়।

 

এমকন্ঠ/এস


স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের রাজনীতিতে ৪৮ বছর পার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর দলটি কখনো রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে থেকেছে, কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় ছিল। আবার কখনো পড়েছে অস্তিত্বের কঠিন সংকটে। প্রায় পাঁচ দশকের এই রাজনৈতিক পথচলায় বিএনপির সামনে এসেছে সামরিক শাসন, গণতন্ত্রের আন্দোলন, নির্বাচন, ক্ষমতার পালাবদল, ওয়ান-ইলেভেন এবং দীর্ঘ বিরোধী রাজনীতির অধ্যায়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্য আলাদা। দীর্ঘ ২০ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থাকার পর ২০২৬ সালে আবার সরকার গঠন করেছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে জয় পেয়ে দলটির আসনসংখ্যা দাঁড়ায় ২১০। এরপর ৯ জুলাই সংসদ সদস্য হিসেবে শপথ নেন চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর।

ফলে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির হিসাব শুধু অতীতের নয়। প্রশ্ন উঠছে—৪৮ বছরে দলটি কতটা সময় ক্ষমতায় ছিল, কতবার ক্ষমতায় ফিরেছে, কতবার বড় রাজনৈতিক ধাক্কা খেয়েছে এবং এবার ক্ষমতায় ফিরে আগের বিএনপির সঙ্গে কতটা বদলেছে?

শুরুতেই বড় নির্বাচনি সাফল্য
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই দলটি জাতীয় রাজনীতিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৭৯ সালের সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে সরকার গঠন করে। নির্বাচনে দলটির এই সাফল্য ছিল প্রতিষ্ঠার পর প্রথম বড় নির্বাচনি ম্যান্ডেট। কিন্তু প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় দলের রাজনীতিতে বড় ধাক্কা আসে। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান। এরপর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসে।

১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে বিএনপি চলে যায় বিরোধী রাজনীতিতে।

নয় বছরের আন্দোলন, তারপর ক্ষমতায় ফেরা
এরশাদবিরোধী আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ প্রায় নয় বছরের আন্দোলনের পর ১৯৯০ সালে এরশাদের পতন হয়। এরপর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯১ থেকে ১৯৯৬—এই পাঁচ বছর বিএনপির জন্য ছিল নতুন রাজনৈতিক বাস্তবতার সময়। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়াও এই সময়েই ঘটে। তবে পাঁচ বছর পরই ক্ষমতা ছাড়তে হয় বিএনপিকে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলেও প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল। রাজনৈতিক চাপের মুখে খালেদা জিয়া পদত্যাগ করেন। নির্বাচনের পর গঠিত সংসদ ও মন্ত্রিসভার মেয়াদ ছিল মাত্র ১২ দিন। পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ বিএনপির ৪৮ বছরের ইতিহাসে ক্ষমতায় থাকার ধারাবাহিকতা কখনোই সরলরেখার মতো ছিল না।

২০০১: দ্বিতীয় বড় প্রত্যাবর্তন
১৯৯৬ থেকে ২০০১—পাঁচ বছর বিরোধী দলে থাকার পর আবার নির্বাচনি বিজয় পায় বিএনপি। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। এই সরকার ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিল। এই সময় বিএনপি ছিল চারদলীয় জোটের নেতৃত্বে। জাতীয় রাজনীতিতে বিএনপির দ্বিতীয় বড় সরকার পরিচালনার অধ্যায় শেষ হয় ২০০৬ সালে। এরপর আসে দলের ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক সংকট—ওয়ান-ইলেভেন। ওয়ান-ইলেভেনে বদলে যায় রাজনৈতিক হিসাব। ২০০৭ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়।

দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বই গ্রেপ্তার হন। বিএনপির জন্য এটি ছিল সাংগঠনিক ও নেতৃত্বের দিক থেকে বড় ধাক্কা।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর দলটি দীর্ঘ সময়ের জন্য চলে যায় বিরোধী রাজনীতিতে। এরপর শুরু হয় বিএনপির সবচেয়ে দীর্ঘ বিরোধী অধ্যায়।

যেসব কারণে খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’
২০০৯ থেকে ২০২৫: দীর্ঘ বিরোধী রাজনীতি: ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি প্রায় ২০ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে ছিল। ২০১৪ সালের নির্বাচন বিএনপি ও তাদের জোট বর্জন করে। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিলেও দলটি বড় ধরনের নির্বাচনি পরাজয়ের মুখে পড়ে। ২০২৪ সালের নির্বাচনও বিএনপি বর্জন করে।

এই সময়ের বড় অংশজুড়ে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, ভোটাধিকার, দলীয় নেতা-কর্মীদের মামলা-গ্রেপ্তার এবং রাজপথের আন্দোলন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

২০০৯ থেকে ২০২৪—এই দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতির প্রধান অভিজ্ঞতা ছিল বিরোধী দল ও আন্দোলন পরিচালনা।

২০২৬ সালে সবচেয়ে বড় প্রত্যাবর্তন
দীর্ঘ ২০ বছরের রাজনীতির পর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পায় বিএনপি। ৩৬ জন সংরক্ষিত নারী আসনসহ বর্তমান সংসদে তাদের সদস্য সংখ্যা ২৪৭ জন। এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি শুধু ক্ষমতায় ফেরেনি, দলটির নেতৃত্বেও এসেছে প্রজন্মগত পরিবর্তন।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের জানুয়ারিতে তার ছেলে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব নেন। ফলে বিএনপির ৪৮ বছরের ইতিহাসে ২০২৬ একটি নতুন অধ্যায়। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছে।

ক্ষমতার হিসাব কী বলছে?
বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসকে রাষ্ট্রক্ষমতায় থাকার প্রধান অধ্যায়গুলোতে ভাগ করলে কয়েকটি সময় সামনে আসে—

১৯৭৯-১৯৮২: জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম বিএনপি সরকার।

১৯৯১-১৯৯৬: খালেদা জিয়ার প্রথম সরকার।

ফেব্রুয়ারি-মার্চ ১৯৯৬: নির্বাচনের পর গঠিত ১২ দিনের বিএনপি সরকার।

২০০১-২০০৬: খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের সরকার।

২০২৬-বর্তমান: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার।

এর বাইরে দীর্ঘ সময় বিএনপিকে কাটাতে হয়েছে বিরোধী দলে।

বিএনপির ইতিহাসের একটি বড় বৈশিষ্ট্য হলো—ক্ষমতায় থাকা যেমন দলটির রাজনৈতিক পরিচয়ের অংশ, তেমনি দীর্ঘ বিরোধী রাজনীতিও দলটির সাংগঠনিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চার চেয়ারম্যানের ইতিহাস
৪৮ বছরের আরেকটি গুরুত্বপূর্ণ হিসাব নেতৃত্বের। প্রতিষ্ঠার সময় জিয়াউর রহমান ছিলেন দলের চেয়ারম্যান। ১৯৮১ সালে তার মৃত্যুর পর আবদুস সাত্তার নেতৃত্বে আসেন। পরে ১৯৮৪ সালে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন এবং চার দশকের বেশি সময় দলটির নেতৃত্বে ছিলেন।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের জানুয়ারিতে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন।

অর্থাৎ প্রতিষ্ঠার ৪৮ বছরে বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে খুব কমই। এর মধ্যে খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্ব ছিল সবচেয়ে দীর্ঘ অধ্যায়।

এ কারণেই ২০২৬ সালের নেতৃত্ব পরিবর্তন বিএনপির জন্য শুধু সাংগঠনিক ঘটনা নয়; এটি দলটির রাজনৈতিক ইতিহাসে একটি প্রজন্মান্তরের পরিবর্তনও।

মহাসচিব পদে বেশি পরিবর্তন
চেয়ারম্যানের তুলনায় বিএনপির মহাসচিব পদে পরিবর্তন হয়েছে অনেক বেশি। ৪৮ বছরে বিএনপির মহাসচিব পদে একাধিক নেতা দায়িত্ব পালন করেছেন; তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন সবচেয়ে দীর্ঘ সময়ের দায়িত্বশীলদের একজন।

তিনি ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হন। ২০২৬ সালের আগস্টে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপির মহাসচিবসহ দলীয় পদ থেকে সরে দাঁড়ান।

এরপর ২০ আগস্ট ২০২৬ রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

মহাসচিব পদে নেতৃত্বের এই পরিবর্তন বিএনপির সাংগঠনিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক।

বিশ্লেষকদের চোখে বিএনপির ৪৮ বছর
বিএনপির ৪৮ বছরের পথচলা, আদর্শ, সংগঠন এবং নতুন নেতৃত্ব—এই বিষয়গুলো নিয়ে দলের দুই নেতা ও একজন রাজনৈতিক বিশ্লেষকের মূল্যায়নে ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, দলের সামনে এখন সংগঠন শক্তিশালী রাখা এবং নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করাই বড় কাজ।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতি পদে পদে এটিকে মোকাবিলা করে সামনের দিকে অগ্রসর হওয়াটাই প্রধান কাজ। অনেক সংকট থাকবে, অনেক সমস্যা থাকবে। সেগুলো নিরসন করে করে আমাদের সামনের দিকে এগোতে হবে।’

তারেক রহমানকে দলের প্রেরণার উৎস উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘তার বাবা ও মায়ের যে অসমাপ্ত কাজ, সেই কাজগুলো তিনি পূর্ণতা দিচ্ছেন এবং পূর্ণতা দান করবেন।’

বিএনপির রাজনৈতিক দর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব’—এই তিন প্রত্যয়ের সঙ্গে দল কখনো আপস করেনি।

বিএনপির কাউন্সিল শিগগির, মহাসচিব পদে আলোচনায় যারা
নেতা-কর্মীদের অনৈতিক প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘নিজের মনকে আলোকিত রাখবে। নিজের মনকে স্বচ্ছ রাখবে।’

সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে রিজভী জানান, জাতীয় কাউন্সিলের আগে অসম্পূর্ণ জেলা, থানা ও ইউনিট পর্যায়ের কাউন্সিল শেষ করার চেষ্টা থাকবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে, প্রতিষ্ঠার সময় বিএনপি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, দলটি এখনো তা থেকে বিচ্যুত হয়নি।

তিনি বলেন, ‘এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটাধিকার, অর্থনৈতিক উন্নতি এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা—এগুলোই ছিল লক্ষ্য ও উদ্দেশ্য।’

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থ ও সম্মানকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। কৃষি, শিল্প, শিক্ষা ও অর্থনীতিসহ নীতিনির্ধারণে মানুষের রায়ের প্রতিফলন থাকা উচিত বলেও মনে করেন।

তারেক রহমানের তৃণমূলভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আলাল বলেন, ১৯ দফা, খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ২৭ দফা, যা পরে ৩১ দফায় রূপ নেয়—এসবের মধ্যে রাজনৈতিক অঙ্গীকারের ধারাবাহিকতা রয়েছে।

বিএনপির সামনে চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখানে চালু করে রেখে গিয়েছিল, তাদের কিন্তু কিছু কিছু অনুচর এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে।’

তরুণ ও যুবকদের মধ্য থেকে নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দিয়ে আলাল বলেন, ‘মানুষের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপি পথ হারিয়েছে—এই কথাটা এখন পর্যন্ত আসেনি।’

তৃণমূলে জনসমর্থন যাচাইয়ে বড় পরীক্ষার সামনে বিএনপি

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীর মতে, রাজনৈতিক দলের ভালো ও খারাপ সময় থাকেই। সেই চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নীতিতে এগিয়ে গেলে বর্তমান সরকার ভালো করবে।’

বিএনপির রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের ক্ষেত্রে জিয়া ও খালেদা জিয়ার নীতিকে সামনে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈদেশিক নীতি প্রসঙ্গে অধ্যাপক নুরুল আমিন বেপারীর মন্তব্য, ‘বৈদেশিক নীতিতে সরকার জিয়াউর রহমানের নীতি অনুসরণ করছে—এটা আমার কাছে মনে হয় সঠিক আছে।’

তবে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের স্বচ্ছতার ওপরও গুরুত্ব দেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

কী পেল, কী হারাল বিএনপি?
৪৮ বছরে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, বড় নির্বাচনি ম্যান্ডেট পেয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলটিকে ক্ষমতা হারানো, নেতৃত্বের সংকট, সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক সংঘাত এবং দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতার বাইরে থাকার অভিজ্ঞতাও অর্জন করতে হয়েছে।

তবে বড় ধাক্কা সত্ত্বেও বিএনপি বাংলাদেশের রাজনীতির কেন্দ্র থেকে হারিয়ে যায়নি। ক্ষমতায় ফেরা এবং বিরোধী রাজনীতিতে ফিরে যাওয়া—দুই অভিজ্ঞতাই দলটির রাজনৈতিক চরিত্র গঠনে ভূমিকা রেখেছে।

সত্যের মুখোশে মিথ্যা, বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিস্তার সামনে নতুন পরীক্ষা
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে তাই পুরোনো প্রশ্ন নেই—কীভাবে ক্ষমতায় ফেরা যায়। ২০২৬ সালের নির্বাচনে সেই প্রশ্নের উত্তর দল দিয়েছে।

এখন বড় প্রশ্ন—ক্ষমতায় থেকে বিএনপি কীভাবে সংগঠন, আদর্শ ও জনভিত্তিকে আরও শক্তিশালী করবে?

দীর্ঘ বিরোধী রাজনীতিতে আন্দোলনকে ঘিরে যে সাংগঠনিক শক্তি তৈরি হয়েছিল, এখন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি তা নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। সরকার ও দলের মধ্যে সমন্বয়, তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ, দলীয় শৃঙ্খলা এবং নতুন নেতৃত্ব তৈরি—এসবই সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জাতীয় কাউন্সিলের আগে অসম্পূর্ণ জেলা, থানা ও ইউনিট পর্যায়ের কাউন্সিল শেষ করার কাজও রয়েছে।

বিএনপির ৪৮ বছরের ইতিহাস তাই শুধু ক্ষমতায় থাকা ও ক্ষমতা হারানোর গল্প নয়। এটি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের উত্থান, তার মৃত্যুর পর নেতৃত্বের পরিবর্তন, এরশাদবিরোধী আন্দোলন, ১৯৯১ সালের ক্ষমতায় ফেরা, ১৯৯৬ সালের সংকট, ২০০১ সালের প্রত্যাবর্তন, ওয়ান-ইলেভেনের ধাক্কা এবং দীর্ঘ দুই দশকের বিরোধী রাজনীতির ইতিহাস। সবশেষে এসেছে ২০২৬ সালের প্রত্যাবর্তন—সঙ্গে এসেছে নেতৃত্বের প্রজন্মান্তরের পরিবর্তন। এবার বিএনপির সামনে চ্যালেঞ্জ ক্ষমতায় ফেরা নয়; ক্ষমতায় থেকে ৪৮ বছরের রাজনৈতিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের উপযোগী করে তোলা। সেখানেই নির্ধারিত হবে বিএনপির পরবর্তী ৪৮ বছরের রাজনীতির ভিত্তি।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কিনতে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

একই বৈঠকে উচ্চ দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণে অতিরিক্ত ৭ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৮০৮ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

গতকাল সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত সার কেনার মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া কেনা হবে। এতে ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের ফলে আগামী অর্থবছরে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে এসব সার সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে রাজনীতিতে হাতেখড়ি, মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন এবং এরপর দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন প্রবীণ এই রাজনীতিক। জাতীয় সংসদের প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে প্রবীণ এই রাজনীতিককে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন সংসদ সদস্যরা।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার আগে ৭৮ বছর বয়সী এই রাজনীতিক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্বেও ছিলেন।

বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে অর্থনীতির শিক্ষকতা করেন। ১৯৭২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি দায়িত্বও পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বামপন্থী পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে (ইপিএসইউ) যোগ দেন। ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় মির্জা ফখরুল সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঢাকা কলেজে পড়াশোনা করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এর আগে ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন বিএনপির এই সিনিয়র নেতা।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানই শেষ পর্যন্ত জাতিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। সে সময় বামপন্থী মুক্তিযোদ্ধাদের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছিলেন মির্জা ফখরুল। পরে তিনি ভারতে আশ্রয় নেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগ দেন শিক্ষকতা পেশায় এই অভিজ্ঞ রাজনীতিক। ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। একই সময়ে সরকারি চাকরির অংশ হিসেবে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্বও পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস এ বারির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম। এছাড়া ইউনেস্কো জাতীয় কমিশনেও কাজ করেন।

মূলধারার রাজনীতিতে যোগ দিতে ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে দেন তিনি। এর দুই বছর পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের জন্মস্থান উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বর্তমানে এই পদটি মেয়র হিসেবে পরিচিত। এর কিছুদিন পর নব্বইয়ের দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন আলমগীর।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার বাবা ছিলেন তৎকালীন মুসলিম লীগের প্রভাবশালী নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য মির্জা রুহুল আমিন। ১৯৯০-এর দশকের শুরুতে স্বৈরাচারী শাসক ও তৎকালীন প্রেসিডেন্ট ত হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণআন্দোলন যখন তুঙ্গে, তখন তিনি বিএনপিতে যোগ দেন। ২০১১ সালে তৎকালীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলামকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। পরে ২০১৬ সালের ৩০ মার্চ তাকে মহাসচিবের স্থায়ী দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনিই সবচেয়ে দীর্ঘ সময় দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সংবিধান অনুযায়ী দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে তাঁকে।

তবে মির্জা ফখরুলের মহাসচিবের দায়িত্ব গ্রহণের সময়টিই ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনে ব্যাপক দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও কারাবন্দি হতে হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৮ সালে সেনা-সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তথা ১/১১ সরকার নির্বাসনে যেতে বাধ্য করেছিল।

এমন পরিস্থিতিতে লন্ডন থেকে তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় দলের সামনের সারির প্রধান নেতা হিসেবে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা ফখরুল। তবে এ সময় তাকে তিনবার কারাবরণ করতে হয়। মহাসচিব হওয়ার আগে বিএনপির সাংগঠনিক কাঠামোর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। প্রথমে দলের নির্বাহী কমিটির সদস্য এবং পরে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। দীর্ঘদিন দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও পরে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ২০০১ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে দলীয় সিদ্ধান্ত মেনে মির্জা ফখরুল সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। যদিও দলের অন্য পাঁচ সংসদ সদস্যকে সংসদে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। তারা ২০২২ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছর দলীয় নির্দেশে তারাও পদত্যাগ করেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠন করে। এরপরই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আলমগীর। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার কারণে সংবিধান অনুযায়ী বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে তাঁকে। এ সময় আবেগঘন এক অনুষ্ঠানে তার এ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে বেসরকারি বীমা কোম্পানিতে কাজ করেছেন। এই দম্পতির দুই মেয়ে। তারা দুজনই শিক্ষকতা পেশায় যুক্ত। বড় মেয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আলমগীর একজন মধ্যপন্থী ও বিনয়ী রাজনীতিক হিসেবে সুনাম কুড়িয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ব্যক্তিগতভাবে তার প্রশংসা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতাসহ অন্যান্য রাজনীতিকরা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে স্বাগত জানিয়েছেন। দলের কঠিন সময়ে তার দীর্ঘদিনের ভূমিকা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক মনোভাব ও উদার মানসিকতার কথা স্মরণ করেছেন তারা।

সুত্র: ইনকিলাব

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দেশের ২৪ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সাড়ে ৭ টা ৩৭ মিনিটে তাকে শপথ পড়ানো হয়।

এরআগে প্রেসিডেন্টের আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। তিনি জানান, প্রথমে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে দরবারে হলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মুখে শপথ নেওয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। আর তা সত্যায়িত করেন স্পিকার।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য।

এর আগে বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শপথ অনুষ্ঠানের সময়সূচি জানান।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলো। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

এমকন্ঠ/এস

Ads Banner

Social Profile