হাইলাইটস

Category: জাতীয়

Important news from Bangladesh


অনলাইন ডেস্ক:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে জাতীয় সংসদে ফল ঘোষণা করেন এই নির্বাচনের কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি জানান, মোট ভোটার ৩৪৯ জন। ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য।

সিইসির তথ্য অনুযায়ী, ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এর মধ্যে ২৫৫ ভোট পেয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে চলে এই ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এমকন্ঠ/এস


স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল বাংলাদেশ। সেই জয়টাও এসেছে ৯ উইকেটে। টানা ১১টি সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করে। পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে কার্ডিফে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া বাংলাদেশ দলের ঐতিহাসিক জয় নিয়ে কথা হয়েছিল অনেক। দুই দশকের ব্যবধানে পদ্মা-মেঘনা-যমুনা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল।

আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠেও অজিদের টেস্টে হারিয়েছে টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ার নিজেদের মাটিতে গিয়ে টেস্টের অভিজাত সংস্করণে তাদের রীতিমতো ধসিয়ে দিয়ে এমন এক অভাবনীয় রূপকথা লিখবে নাজমুল হোসেন শান্তর দল, তা হয়তো ক্রিকেট বিশ্বের দূর কল্পনায়ও ছিল না!

ডারউইনে ক্রিকেট ইতিহাসকে নতুন করে লিখে চার দিনেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে চূর্ণ করেছে টাইগাররা। চতুর্থ দিনে জয়ের জন্য পাওয়া সামান্য ৫৭ রানের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে অনায়াসেই জয় ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয়ের ভিত অবশ্য প্রথম তিন দিনেই গড়ে তুলেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম দিনেই টাইগার পেসারদের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অজিরা। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পাশাপাশি শান্ত ও মুমিনুল হকের লড়াকু ফিফটি এবং শেষ দিকে মেহেদী হাসান মিরাজের দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ৪২৬ রানের পাহাড়। প্রায় সাড়ে সাত বছরের মধ্যে যা অজি মাটিতে সফরকারী কোনো দলের সর্বোচ্চ ১৩৮ ওভার ব্যাট করার এক অনন্য নজির।

২২৮ রানের সুবিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া চতুর্থ দিনে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল। তবে সেই প্রতিরোধ চুরমার হয়ে যায় মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে। ৪ উইকেটে ১৬১ রান নিয়ে শেষ দিনে নামা অজিদের ওপর সকালে আঘাত হানেন মিরাজ। অ্যালেক্স ক্যারিকে (৩০) লিটন দাসের ক্যাচ বানানোর পর বেউ ওয়েবস্টার ও অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (৮) দ্রুত ফিরিয়ে ডারউইনের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে দেন এই অলরাউন্ডার।

একপ্রান্তে উইকেট পতনের মিছিলের মাঝে অজিদের হয়ে একা দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরন গ্রিন। ১৯২ বলে ক্যারিয়ারের তৃতীয় ও ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি (১০৪) হাঁকিয়ে বাংলাদেশকে সামান্য ৫৭ রানের লিড এনে দেন তিনি। কিন্তু নতুন স্পেলে এসে সেঞ্চুরিয়ান গ্রিনকে বোল্ড করে ম্যাচে নিজের ৯ম উইকেটটি ঝুলিতে পুরেন পেসার হাসান মাহমুদ। এরপর নাথান লায়নকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে টেস্ট ক্যারিয়ারের ১৫তম ‘ফাইফার’ পূর্ণ করার পাশাপাশি অজিদের ২৮৪ রানে গুটিয়ে দেন মিরাজ।

জয়ের জন্য নেমে শুরুতে তানজিদ হাসান তামিমকে হারিয়েছিল বাংলাদেশ। তবে কোনো অঘটন ঘটতে দেননি মুমিনুল হক ও সাদমান ইসলাম। অজি বোলারদের দেখেশুনে খেলে জয়টা কেবল সময়ের ব্যাপার বানিয়ে ফেলেন দুই বাঁহাতি ব্যাটার।

শেষ পর্যন্ত মুমিনুলের (৩৯ বলে ৩০*) ব্যাট থেকে আসা দুর্দান্ত এক স্কয়ার কাট বাউন্ডারিতে ভর করেই রচিত হয় ডারউইনের মহাকাব্য। ৪২ বলে ২৫ রানে অপর প্রান্তে অপরাজিত থাকেন সাদমান।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেল নিয়ে এলো বড় সুখবর। বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এরই মধ্যে নবম পে স্কেলের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি।

প্রায় ১১ বছর ধরে নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে রয়েছেন বলে উল্লেখ করেন মুখ্য সচিব। তাঁর ভাষ্য, নতুন পে স্কেল বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি জরুরি হয়ে পড়েছে।

মন্ত্রিসভায় উঠতে পারে চলতি সপ্তাহেই
অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে সচিব কমিটি। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে চলতি সপ্তাহেই এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

প্রস্তাবিত কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর পরিবর্তে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন আনুপাতিক হারে বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
খসড়া প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির প্রস্তাব কার্যকর করা হবে।

চলতি বছরের জুলাই থেকে এর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন শেষ করার লক্ষ্য রয়েছে। তবে পে স্কেল কত ধাপে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

বিচার বিভাগ নিয়ে জটিলতা
নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার পথে বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতাও দেখা দিয়েছে। এসব বিষয় নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।

সর্বনিম্ন বেতন হতে পারে ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার
২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক দশক পার হলেও নতুন কোনো বেতন কাঠামো হয়নি। এ সময়ে সরকারি চাকরিজীবীরা নিয়মিত ইনক্রিমেন্ট পেলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই নতুন পে স্কেলের বাস্তবায়নের দিনক্ষণ, ধাপ ও আর্থিক কাঠামো আরও স্পষ্ট হবে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
নতুন করে বন্যার ঝুঁকিতে দেশের কিছু অঞ্চল। আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকার ৫ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে কেবল কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া, সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকাভুক্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চল আগামী ৭২ ঘণ্টায় সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পানি প্রবাহের কারণে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সুত্রঃ নিউজ ২৪

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
পরিবেশবান্ধব, আধুনিক ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলবে সরকার। এ লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা সংস্কারে কাজ চলছে। মন্ত্রণালয়ে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে বিভিন্ন নীতিগত সহায়তা ও পুরনো বাসের জন্য পরিবেশবান্ধব স্ক্র্যাপ নীতি করা হচ্ছে। রাজধানীর বাস টার্মিনাল ব্যবস্থার পুনর্বিন্যাসে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে মেট্রো রেল, মনোরেল ও আধুনিক বাসেরও সমন্বয়ের কাজ করছে মন্ত্রণালয়। সব গণপরিবহনের সমন্বয়ে একটি একীভূত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

বর্তমান সরকার যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার গুণগত পরিবর্তনকে সমান গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। যা নিরাপদ, সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে।’

বিশ্বের উন্নত দেশগুলোর পরিবহন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগোতে চায় বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলেন, ‘ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়লে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, বায়ুদূষণ ও শব্দদূষণ কমবে এবং নগরবাসী আরো স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ পাবেন।’

ইলেকট্রিক ভেহিকলের ব্যবহার উৎসাহিত করতে সরকার এর ওপর আরোপিত প্রায় ৬২ শতাংশ কর উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এর ফলে উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগে আরো আগ্রহী হবেন এবং সাধারণ মানুষের জন্যও ইলেকট্রিক যানবাহন ক্রয় সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন হাবিবুর রশিদ জানান।

ইলেকট্রিক যানবাহনের জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো গড়ে তুলতে সরকার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

তিনি বলেন, যেসব বাসের বয়স ২৫ বছর পূর্ণ হবে এবং যেগুলো নিরাপদভাবে চলাচলের উপযোগিতা হারাবে সেসব পরিবহন ভবিষ্যতে আর ডাম্পিং করা হবে না। পরিবেশসম্মতভাবে স্ক্র্যাপিংয়ের মাধ্যমে লোহা, ইস্পাত ও অন্যান্য ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধার করে শিল্পকারখানায় পুনর্ব্যবহার করা হবে।

রাজধানীর যানজট নিরসনে সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে একই টার্মিনাল থেকে সিটি বাস ও আন্ত জেলা বাস পরিচালিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকার অভ্যন্তরের বাসস্ট্যান্ডগুলোকে মূলত সিটি বাস পরিচালনার জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে আন্ত জেলা ও দূরপাল্লার বাসগুলোকে রাজধানীর চারপাশে নির্ধারিত আধুনিক টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ভেতরে ভারী বাসের চলাচল কমবে, যানজট হ্রাস পাবে এবং নগরবাসীর যাতায়াত আরো সহজ ও সুশৃঙ্খল হবে বলে মনে করেন হাবিবুর রশিদ হাবিব।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মেট্রো রেল, মনোরেল, ইলেকট্রিক বাস এবং আধুনিক সিটি বাস একই নেটওয়ার্কের আওতায় পরিচালিত হবে। একজন যাত্রী সহজেই একটি পরিবহন থেকে অন্য পরিবহনে যেতে পারবেন। এতে সময় ও ব্যয় কমবে, গণপরিবহনের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ব্যক্তিগত যানবাহনের ব্যবহারও হ্রাস পাবে।

রাজধানী ঢাকাকে একটি আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগরীতে পরিণত করতে সমন্বিত পরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক, পরিবেশবান্ধব ও দক্ষ গণপরিবহন ব্যবস্থার দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের একাধিক নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনা এবং হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে জন্য মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রতিটি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশনা দেওয়া হয়।

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণসংক্রান্ত মামলার অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্তের অগ্রগতি, বিচারের ফলাফল এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সুত্রঃ নিউজ ২৪

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। পাশাপাশি বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টাও করছে। এসব ঘটনায় একদিকে সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সংশ্লিষ্ট আইডি বা মোবাইল নম্বরটি তার—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

কেউ যদি এ ধরনের প্রতারণামূলক বার্তা পান, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সুত্রঃ নিউজ ২৪

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই পরিস্থিতি নিজে এবং তাঁর টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করছেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া নানা উদ্যোগ ও দিকনির্দেশনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান- এই পাঁচটি জেলায় জনমানুষের অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই পরিস্থিতি নিজে এবং তাঁর টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করছেন।

সরকারের এই মুখপাত্র জানান, ‘গতকালই (শুক্রবার) প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই পাঁচ জেলার স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন, ‘আগামীকালও (রোববার) প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। উদ্ধার তৎপরতায় ইউএনও, ডিসি, এসপি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি পর্যায়ের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন। স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তাঁর পুরো দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে (ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল) সাধারণ মানুষের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন।’

আর্থিক ও ত্রাণ সহায়তার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ২ কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন, যা দ্রুত মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে চাল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার অবিরত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

উদ্ধার ও চিকিৎসাসেবা প্রসঙ্গে মাহ্দী আমিন জানান, ‘উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং বিভিন্ন জেলায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। পানিবাহিত রোগ ও সাপের দংশন মোকাবিলায় পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধসহ মেডিকেল টিম মোবিলাইজ করা হয়েছে। পানি নেমে যাওয়ার পরপরই রাস্তা ও রেলপথ দ্রুত মেরামতের জন্য এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগকে প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘ক্ষতিগ্রস্ত গৃহস্থালী, কৃষি, মৎস্য ও গবাদি পশু খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার কার্যকর উদ্যোগ শুরু হয়েছে। দ্রুতই খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। বর্তমানে সচল থাকা ১ হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্রে খাদ্য, পানি ও স্যানিটেশন ব্যবস্থাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। কিছু জায়গায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও সংযোগ পুনঃস্থাপনে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীরা কাজ করছেন।’

প্রধানমন্ত্রীর এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মূলত রেসকিউ (উদ্ধার), রিলিফ (ত্রাণ) এবং রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন)—এই তিনটি ফেজ নিয়ে একসঙ্গে কাজ করছি। দুর্যোগের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেছেন, ‘জনগণের নির্বাচিত সরকার হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও গভীর মমত্ববোধ নিয়ে সরকার মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা দ্রুতই স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাহ্দী আমিন।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা ও শাহাদত হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান ও আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

সুত্র: বাসস

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে বয়স ও নাম সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক পর্যায়ের ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ৬টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

রোববার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায়।

কোন কোন ক্যাটাগরিতে কার্যক্রম স্থগিত:
অফিস আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ব্যতীত এনআইডি সংশোধনের অন্যান্য ৬টি ক্যাটাগরির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এসব ক্যাটাগরির আবেদন এখন থেকে সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করবেন।

মাঠপর্যায়ে যেভাবে নিষ্পত্তি হবে আবেদন:
নতুন নির্দেশনা অনুযায়ী—
‘ক’ ক্যাটাগরি: থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন
‘খ’ ক্যাটাগরি: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন
‘গ’ ক্যাটাগরি: জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন
অনলাইনে নিষ্পত্তিযোগ্য আবেদন: এসব ক্ষেত্রে কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না

অন্যদিকে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের মতোই চালু থাকবে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রশাসনিক জটিলতা ও কার্যক্রমে স্বচ্ছতা আনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
এসএ পরিবহনে বিশেষ কৌশলে চায়ের প্যাকেটের আড়ালে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবাসহ মনসুর মণ্ডল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় এসএ পরিবহনের কার্যালয়ে বগুড়া ও রংপুর কার্যালয়ের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনসুর মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইয়াবার এ বড় চালানটি চট্টগ্রামের কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল করে রংপুরে পাঠানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সকাল থেকেই ছদ্মবেশে এসএ পরিবহন কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। দুপুরে মনসুর মণ্ডল যখন ওই পার্সেলটি গ্রহণ করতে আসেন, ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পার্সেলটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনসুর মণ্ডল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিজের চায়ের দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করতেন এবং এর আড়ালেই চালাতেন এই নিষিদ্ধ মাদকের রমরমা কারবার।

অভিযান প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফল একটি অভিযান পরিচালনা করে এই বড় চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।’

‘অত্যন্ত চতুরতার সঙ্গে চায়ের প্যাকেটের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে আনা হয়েছিল। অভিযান চলাকালীন এসএ পরিবহন কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এই ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত ও অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এমক্ঠ/এস

Ads Banner

Social Profile