হাইলাইটস

Category: জাতীয়

Important news from Bangladesh


স্টাফ রিপোর্টার:
সুমিষ্ট হাঁড়িভাঙ্গা আমের জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আঁশ বিহীন এই আমের সুখ্যাতী রয়েছে দেশজুড়ে। জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমের শুরুতে আমের মুকুল চাষীদের আশার আলো দেখালেও বৈরী আবহাওয়া আর কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষতি হয়েছে। এর ফলে বাগান মালিক ও আমচাষীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। তবে শেষ দিকে এসে বাগানে আম কম থাকলেও চাহিদা থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে বেশ আশাবাদী কৃষকরা। আম বিক্রির জন্য নির্ধারিত সময়ে ভালো দাম থাকায় বাগান মালিক ও আম চাষীদের মুখে হাসি ফুটেছে। শেষ পর্যন্ত হাঁড়িভাঙ্গা আমের চাহিদা ও দাম ঠিক থাকলে ক্ষতি পুষিয়ে উঠার সম্ভাবনা দেখছেন চাষীরা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানী গ্রামে হাঁড়িভাঙ্গা আমের মাতৃগাছটি আজও দাড়িয়ে আছে। যে গাছ থেকে কলম করে হাজার হাজার গাছের জন্ম। হাঁড়িভাঙ্গা আমের নাম অবশ্য শুরুতে হাঁড়িভাঙ্গা ছিল না। এ আমের আবিষ্কারক হিসেবে স্থানীয়ভাবে নফল উদ্দিন পাইকারকে কৃতিত্ব দেওয়া হয়। তিনি ছিলেন এক বৃক্ষপ্রেমিক। তার হাত ধরেই তেকানী গ্রামে হাঁড়িভাঙার গোড়াপত্তন। যদিও এর আদি নাম মালদিয়া। বৃক্ষপ্রেমী নফল উদ্দিন পাইকার বেঁচে নেই। আছে তার শক্ত মাটির উপরে দাঁড়িয়ে থাকা সুমিষ্ট হাঁড়িভাঙ্গার খ্যাতি। পেয়েছে ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) স্বীকৃতি।

১৫ জুন মিঠাপুকুর উপজেলার বিখ্যাত আমেরহাট পদাগঞ্জে আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত শুরু হয়।

আগামী ১৫ জুন মিঠাপুকুর উপজেলার বিখ্যাত আমেরহাট পদাগঞ্জে আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত করণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন , বিশেষ অতিথি রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সিরাজুল ইসলাম ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এবং উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর জেলায় ৩ হাজার হেক্টরের বেশি জমিতে হাঁড়িভাঙ্গা আমের চাষ হয়েছে। এরমধ্যে শুধু মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ২৬০ হেক্টর জমিতে ৪ হাজার ৭৫টি হাঁড়িভাঙা আমের বাগান আছে। যার সাম্ভব্য বিক্রয়মূল্য ১০০ থেকে ১২০ কোটি টাকা। রংপুর জেলাজুড়ে সবমিলিয়ে চলতি মৌসুমে প্রায় ২৫০ কোটি টাকার হাঁড়িভাঙ্গা আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

পদাগঞ্জ এলাকার আমচাষি মোসাব্বির বকসি জানান, তিনি ৮ একর জমিতে আমের চাষ করেছেন। শিলাবৃষ্টি ও ঝড়ে বাগানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আমের ভালো দাম থাকায় ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন তিনি।

স্থানীয় পাইকারি ব্যবসায়ী জুয়েল মিয়া জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বড় বড় পার্টি ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন। তিনি আশা করছেন এবার আমের দাম ও চাহিদা দু’টোই সন্তোষজনক হবে।

মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, মিঠাপুকুরে প্রতিবছর হাঁড়িভাঙা আমের চাষ বাড়ছে। লাভ বেশি হওয়ায় লোকজন ধানি জমিতে আমের বাগান করছেন। গত বছর প্রায় ১০০ কোটি টাকার আম বিক্রি হয়েছে। এ বছর শুধু মিঠাপুকুরেই ১২০ কোটি টাকার বেশি হাঁড়িভাঙা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। সবমিলে রংপুর জেলায় প্রায় ২৫০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সব মাটিতে এ আমের চাষ করা যায়। তবে এঁটেল ও দো-আঁশ মাটি এই আম চাষের জন্য বেশি উপযোগী।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর অংশে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০-১২ জন।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশের দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৩৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, রংপুর সদরের পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাস ঢাকা–রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলছিল। মিঠাপুকুরের দমদমা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাম্বায় সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শামসুন্নাহার (৩৫) নামে এক নারী নিহত হন।

মিঠাপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদ উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার (৭ জুন) রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ নৃশংস এই হত্যাকাণ্ডের রায় ঘোষণার জন্য প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশি পাহারায় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হবে। সেখান থেকে কিছুক্ষণ পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ওঠানো হবে। আলোচিত এবং চাঞ্চল্যকর রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশের বিশেষ ফোর্স মোতায়েন করা হবে বলে আদালতের নিরাপত্তা সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে।

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল। গত ১৯ মে দিবাগত রাত ১২টা ৫ মিনিট অর্থাৎ ২০ মে মামলা দায়েরের পর ৫ দিনের মাথায় ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ওইদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে মত দেন এবং তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র গ্রহণ করেন।

এরপর ঈদুল আজহার ছুটি শুরু হলেও মামলাটির দ্রুত নিষ্পত্তির স্বার্থে বিচারিকের ছুটি বাতিল করে এ মামলাটির শুনানির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে ১ জুন আদালত দুই আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে পরেরদিন মামলার বাদীসহ ১৮ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। ২ জুন মামলার বাদীসহ ১৬ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। আদালত এক দিনেই সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন।

সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর বিচারক ৩ জুন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে বিচারক ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

৪ জুন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুল রহমান দুলু এবং রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মূসা কালিমুল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আজকের জন্য রায়ের দিন ধার্য করেন।

মামলাটিতে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং পরবর্তীতে যুক্তিতর্ক শেষে আজ রবিবার রায়ের দিন নির্ধারণসহ সব ক্ষেত্রেই ছিল দ্রুতগতি। আদালত সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে যাওয়ার নজির দেশে খুব কমই দেখা গেছে। সাধারণত তদন্ত প্রতিবেদন, বিচার শুরু ও সাক্ষ্যগ্রহণের বিভিন্ন ধাপ পার হতে বছরের পর বছর লেগে যায়।

রায়ে আসামিদের মৃত্যুদণ্ড চান রাষ্ট্র পক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীও প্রধান আসামি সোহেল রানার যাবজ্জীবন চান। তবে আসামিপক্ষের দাবি এ মামলায় সহায়তার দায়ে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের সাত বছরের সাজা দেওয়া হোক।

রায় ঘোষণার পর সেটি কার্যকর হতে কতদিন লাগতে পারে এ প্রশ্নের জবাবে রাষ্ট্র পক্ষের এ মামলার বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বলেন, সেটি একমাত্র উচ্চ আদালতের সিদ্ধান্ত। তিনি জানান, রায়ে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই চাই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রায় ঘোষণায় ট্রাইব্যুনাল দেবেন।

রায় ঘোষণার পরে তা কার্যকর হতে বিলম্ব হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচারিক আদালতে রায়ের পরে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির উচ্চ আদালতের বিভিন্ন ধাপের সঙ্গে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারটিও থাকে। সেক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি চাইলে দ্রুত এই রায় কার্যকর করার জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শেষ করতে পারবেন। সেটি একান্তই তার এখতিয়ার।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে তার ফ্ল্যাটের রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে আসামির রুমের সামনে তার জুতা দেখতে পান। ডাকাডাকির পর কোনো সাড়া-শব্দ না পেয়ে রামিসার বাবা-মা ও অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। আসামি স্বপ্না আক্তারকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী আসামি মো. সোহেল রানা হীন কামনা চরিতার্থ করার জন্য রামিসাকে বাথরুমের ভেতরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়েরের পর প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়।

এমকন্ঠ/এস


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মদ্যপানে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। মদগুলোতে বিষক্রিয়া ছড়িয়ে পড়লেও মদ্যপ পানকারীরা বিষয়টি বিষয়টি পারেনি। তারা প্রায়সময়ের ন্যায় মদ পান করে নিজ নিজ বাড়িতে যায়। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেওয়ার আগেই ২ জনের মৃত্যু হয়। অপরজন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়াও আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করেই মারা গিয়েছে। লাশকে যাতে পোস্ট মডেম করাতে না হয় এই জন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করতেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা এবং তদন্ত চলমান রয়েছে।


অনলাইন ডেস্ক:
দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২২ মে) বিচ্ছিন্ন বজ্রবৃষ্টি হয়েছে। এসময় বজ্রাঘাতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আরও চার থেকে পাঁচ দিন এমন গরম ও বিচ্ছিন্ন বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় শুক্রবার বজ্রসহ বৃষ্টি হয়েছে। এসব এলাকায় বজ্রপাতের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক মো. মালেক (৪০। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে নিহত হন কৃষক ইদ্রিস আলী ফকির (৬৫)। ভোলার লালমোহনে বজ্রপাতে প্রাণ হারায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইয়ামিন (১১)। মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক স্বপন মুণ্ডা (২৩) এবং রাজনগরে হাওরে ধান কাটতে থাকা কৃষক তালেব মিয়া (৪০) বজ্রপাতে মারা যান।

নেত্রকোনার আটপাড়ায় নিহত হন সোলায়মান মিয়া (২২)। শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে মারা যান ফয়সাল বেপারী (৩৫)। এ ছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন হৃদয় হোসেন (২২) ও আশরাফ আলী (২৭)। এদিকে তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শুক্রবার দেশের ১৩ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

এর মধ্যে রাজশাহী ও বাগেরহাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরায় ৩৬ দশমিক ৮, পটুয়াখালীতে ৩৬ দশমিক ৭, যশোর, ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৬, নোয়াখালীতে ৩৬ দশমিক ৫ এবং মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাগেরহাটের মোংলা ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতেও গরমের তীব্রতা ছিল বেশি। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টির পরও কমেনি ভ্যাপসা গরম। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৩৪ দশমিক ৭ ডিগ্রিতে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আগামী বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। তাপপ্রবাহের পাশাপাশি আগামী দুদিন প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ৭৫ শতাংশ এলাকাজুড়ে বৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে। তাই বিশেষ করে খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।


অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরে একই পরিবারের ৭ ও ১১ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বাতেন নামের এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত ১০টা দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, অভিযুক্ত বাতেনকে আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাব।

বাতেন খুলশী থানার আমবাগান এলাকায় একটি মসজিদে মক্তব পরিচালনা করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সেই মক্তবের সব শিক্ষার্থীকে ছুটি দিলেও দুই শিক্ষার্থীকে ছুটি দেননি বাতেন।

শিশুরা ফিরতে দেরি হচ্ছে দেখে তাদের বোন মক্তবের মসজিদে আসেন। তিনি এসে দেখেন, তার বোনদের তালা মেরে রেখেছেন বাতেন। এসময় শিশুরা বোনকে জানায়, বাতেন তাদের জন্য নাস্তা আনতে গিয়েছেন। নাস্তা নিয়ে আসার পর তালা খুলে দিলে বড় বোন ছোট দুই বোনকে নিয়ে বাসায় ফেরেন।

পরদিন শুক্রবার সন্ধ্যায় বাচ্চারা ফিরতে ফের দেরি হওয়ায় এবার বোনের পরিবর্তে মা যান বাচ্চাদের নিয়ে আসতে। শুক্রবারও ঘটে বৃহস্পতিবারের মতো ঘটনা। তখন মা মসজিদ কমিটিকে ডেকে ঘটনা জানান। কমিটির লোকজন বাতেনের বেতন পরিশোধ করে বিদায় দিতে চাইলে মা বাধা দিয়ে পুলিশে তুলে দেন বাতেনকে।

জানা গেছে, অভিযুক্ত বাতেন ৭ ও ১১ বছরের ওই ২ শিশুকে ‘ব্যাড টাচ’ করতেন নিয়মিত।

ওই দুই বাচ্চা মসজিদ কমিটিকে আলাদা আলাদাভাবে ঘটনার বর্ণনা দেয়। কিন্তু বর্ণনা আলাদা হলেও একই ঘটনা হওয়ায় মসজিদ কমিটি বাতেনকে থানায় হস্তান্তর করে। বাতেন প্রায় ১ যুগ ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, শিশুধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে মনির হোসেন নামের এক ব্যক্তিকে বাকলিয়া থানা গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে মনির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার দুপুরে ডবলমুরিং থানায় এহেসান, বিকেলে বায়েজিদ থানা এলাকা থেকে হাসান নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তোলপাড়ের মধ্যে চট্টগ্রামে একের পর এক এমন ঘটনা ভয়, আতঙ্কের পাশাপাশি ক্ষোভ জন্ম দিয়েছে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাল বা ভুয়া সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে সরকার। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) কর্তৃক শনাক্তকৃত ৪৭১ জন জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্তদের এমপিও বাতিল এবং নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।

সম্প্রতি মাউশির বেসরকারি কলেজ শাখা-৩ এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই কার্যক্রমের অংশ হিসেবে একজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে ৪৭১ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষকের একটি তালিকা প্রেরণ করা হয়। এই তালিকায় মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন এবং কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন।

মন্ত্রণালয়ের প্রেরিত ওই পত্রে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৫’ অনুসারে তালিকাভুক্ত এই ৪৭১ জন জাল সনদধারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য মাউশিকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, দেশের আকাশে এরই মধ্যে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। ফলে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে গতকাল রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তুরস্ক, তিউনিসিয়াসহ কয়েকটি দেশ এরই মধ্যে জিলহজ মাসের শুরু ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এসব দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।


অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের টেকনাফে সন্ধ্যার আকাশে দেখা গেছে এক রহস্যময় আলোকচ্ছটা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে কেউ টর্চলাইট জ্বালিয়ে রেখেছে আকাশের বুকে, এমনটাই দেখা গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ দৃশ্যটি দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ। তবে কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। অনেকেই মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে পূর্ব দিকে দ্রুত ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি।

আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরের ওপর দিয়ে সন্ধ্যায় দ্রুতগতিতে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের (ভিডিও ও ছবি পাঠিয়ে) মন্তব্য চাওয়া হয়েছিল। তারা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান জানান, বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে, এ নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।

এমকন্ঠ/এস


স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার সুমিষ্ট আম হাঁড়িভাঙ্গা। স্বাদ-গন্ধে অতুলনীয় এই আমের হাট জমে উঠবে আসছে জুন মাসে। হাঁড়িভাঙা আমের প্রধান বাজার মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ হাট। এটি পাইকারি বাজার। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে এই আমকে কেন্দ্র করে প্রায় আড়াইশো কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা হাতছানি দিচ্ছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় দুই হাজার হেক্টরের বেশি জমিতে হাঁড়িভাঙ্গা আমের চাষ হয়েছে। সাধারণত জুন মাসের মাঝামাঝি সময় থেকে পরিপক্ব হাঁড়িভাঙা আম বাজারে মিলবে। এর আগে বাজারে হাঁড়িভাঙা আম পাওয়া গেলেও তা অপরিপক্ব থাকে। একটু বেশি দামের আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করে বাজারে অপরিপক্ব হাঁড়িভাঙা আম বিক্রি করেন।

রংপুর জেলায় এবার আম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪ হাজার হেক্টর। এর মধ্যে প্রায় ২৫০০ হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আমের চাষ হয়েছে। প্রতি হেক্টরে হাড়িভাঙ্গা প্রায় ১১-১২ মেট্রিকটন ফলন হয়। যার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা।

পদাগঞ্জের তরুণ উদ্যোক্তা ও আমচাষি নাজমুল ইসলাম জাগো নিউজকে জানান, তিনি ১২ একরের বেশি জমিতে আমের চাষ করেছেন। গত কয়েকদিন আগে শিলাবৃষ্টি ও ঝড়ে বাগানের কিছু ক্ষতি হয়েছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় এক পাইকারি ব্যবসায়ী জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বড় বড় পার্টি ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, এবার আমের দাম ও চাহিদা দুটোই সন্তোষজনক হবে।

হাঁড়িভাঙা আমের বৈশিষ্ট্য হলো এটি আঁশবিহীন, মিষ্টি ও সুস্বাদু। এই আমের আঁটিও খুব ছোট। ছাল পাতলা। প্রতিটি আমের ওজন হয় ২০০-৩০০ গ্রাম।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি হাঁড়িভাঙা আম রংপুরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায়।

এমকন্ঠ/এস

Ads Banner

Social Profile