হাইলাইটস

Category: জাতীয়

Important news from Bangladesh


অনলাইন ডেস্ক:
দেশে নতুন করে আরো পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে উপজেলার ৫০০-তে দাঁড়াল। জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।

নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

এ ছাড়া বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব এলাকার ভৌগোলিক বাস্তবতা ও জনসংখ্যা বিবেচনায় প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিকার সভার অনুমোদনের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোতে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের কাজ শুরু হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
ঈদযাত্রায় অগ্রিম টিকিট কখন থেকে পাওয়া যাবে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। আর ঈদের ফিরতি যাত্রার টিকেট মিলবে আগামী ২১ মে থেকে।

ঈদযাত্রা ঘিরে আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন অর্থাৎ ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট। এরপর ১৭ মে পাওয়া যাবে সব শেষের দিন অর্থাৎ ২৭ মের টিকিট।

এবার ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে মিলবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট উল্লিখিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে ২০২৬ তারিখের টিকিট বিক্রি করা হবে। উল্লিখিত সূচি অনুযায়ী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ের দিন হিসেবেও বিবেচিত।

বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, সেবা সব খাতেই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, সেখানে লাখো শ্রমিকের ঘাম ও শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। কিন্তু এই অবদানের বিপরীতে শ্রমিকদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কতটুকু এ প্রশ্ন আজও প্রাসঙ্গিক।

বাংলাদেশে শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ২০০৬ সালের শ্রম আইন এবং এর পরবর্তী সংশোধনীগুলো শ্রমিকদের কর্মঘণ্টা, মজুরি, ছুটি, নিরাপত্তা ও সংগঠনের অধিকার নিশ্চিত করার কথা বলে। তবে বাস্তবতার চিত্র সবসময় আশাব্যঞ্জক নয়। অনেক ক্ষেত্রেই শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হয় না। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক এখনও আইনি সুরক্ষার বাইরে রয়ে গেছে।

মে দিবস এলে শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা নির্ধারণ, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা এসবই শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক খাতে কিছু অগ্রগতি দেখা গেলেও অন্যান্য খাতে পরিস্থিতি তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। বিশেষ করে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, পরিবহন শ্রমিকদের জীবনযাত্রা এখনও ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত।

অন্যদিকে প্রযুক্তির অগ্রগতি ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনের ফলে শ্রমবাজারেও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অটোমেশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, গিগ ইকোনমি এসবের কারণে কাজের ধরন বদলে যাচ্ছে। ফলে অনেক শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছেন, আবার নতুন ধরনের দক্ষতার প্রয়োজনীয়তাও বাড়ছে। এই পরিবর্তিত বাস্তবতায় শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও পুনঃপ্রশিক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে শ্রমিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শ্রমিক কল্যাণ তহবিল, স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়ন প্রকল্প এসব উদ্যোগ শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। তবে এসব উদ্যোগের কার্যকারিতা বাড়াতে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

মে দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শ্রমিকদের সামাজিক মর্যাদা। আমাদের সমাজে এখনও অনেক ক্ষেত্রে শ্রমকে যথাযথ সম্মান দেওয়া হয় না। অথচ একটি দেশের উন্নয়ন নির্ভর করে তার শ্রমশক্তির ওপর। তাই শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষেরও দায়িত্ব। শ্রমিকদের প্রতি সহমর্মিতা, সম্মান ও ন্যায্য আচরণ নিশ্চিত করাই হতে পারে মে দিবসের প্রকৃত চেতনা।

বিশ্বায়নের এই যুগে শ্রমিক অধিকার শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক বিষয়ও বটে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করেছে, যা অনুসরণ করা প্রতিটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রেও আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি, বিশেষ করে রপ্তানিনির্ভর শিল্প খাতে।

এবারের মে দিবস এমন এক সময়ে এসেছে, যখন বৈশ্বিক অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবমিলিয়ে শ্রমিকদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই এই বাস্তবতায় শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে।

মে দিবস আমাদের শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না, বরং ভবিষ্যতের পথনির্দেশও দেয়। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই হতে পারে এই দিনের মূল বার্তা।

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রত্যাশা, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্র, মালিকপক্ষ ও সমাজের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হবে। তাহলেই শিকাগোর সেই আত্মত্যাগ সার্থক হবে, এবং গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং বা ব্যবহার শুরু হয়েছে ২৮ এপ্রিল মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ।

১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের লাইসেন্স পাওয়া যায়। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার জ্বালানি লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব পেরিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট।

এখানে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই বা আগস্টে পরীক্ষামূলকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এক বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
নদী-তে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর কুমিরটি দেখতে স্থানীয় শত শত মানুষ ঘাট এলাকায় ভিড় করেন, এতে নদীপাড়ের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমিরটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তাদের বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে সেটি উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে আনা হয়।

জেলে শেখ ইলিয়াস দাবি করেন, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি বড় আকারের কুমির দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্বপন বেপারী জানান, কুমিরটি আটকা পড়ার পর তারা দ্রুত উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন এবং বন বিভাগকে খবর দেন।

এ বিষয়ে কাজী রিপন হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কেউ বন্যপ্রাণীটিকে ক্ষতি করতে না পারে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দেশের সাত বিভাগের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সাত বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এসব বিভাগের নদীবন্দরগুলোর জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের এই বিশেষ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির এক বিশেষ বুলেটিনে বলা হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এমকন্ঠ/এস


অনলাইন ডেস্ক:
দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে দেশের ১৬ জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এ সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে বজ্রপাতে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও পঞ্চগড়ে একজন করে মারা গেছে।

এমকন্ঠ/এস


শিক্ষাঙ্গন ডেস্ক:
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে আগামী ২ মে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজন সফল করতে মাধ্যমিকের শিক্ষকদের সহযোগিতার আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের জন্য রয়েছে ৬টি নির্দেশনা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এতে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রতিষ্ঠান প্রধানরা ৬টি পদক্ষেপ নেবেন। তা হলো- এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন; প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে; নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত নির্দেশনা দিতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে; সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচার চালাতে হবে।

এতে জানা যায়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের জন্য সম্মতি জানিয়েছেন। এ আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

এমকন্ঠ/এস


বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার পেছনের মানুষটি যে ভীষণ কোমল আর সাধারণ, তা আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।

দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো এখন আমার হাত-পা কাঁপছে যে, যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সে মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের।’

পর্দার অভিনয়ের চেয়েও শুটিং সেটের মানুষের সাথে গড়ে ওঠা সম্পর্কগুলোই তার কাছে বড় হয়ে ধরা দিয়েছে। তার কথায়, ‘আসলে আমাদের সিনের বাইরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে আমার। আমার ভীষণ খারাপ লাগছে এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না কারণ এটা একান্তই নিজের।’

নিজের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে কেয়া পায়েল বলেন, ‘দিনশেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে এবং যেটা হয় আমি খুবই আবেগপ্রবণ। এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি, তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি।’

সহকর্মীদের নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তিনি আরও বলেন, ‘সো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি, তারা আসলে আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র হিসেবে কাজ করে অলওয়েজ।’

এমকন্ঠ/এস


দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এবারের সফরে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন তারেক রহমান। এ ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ রয়েছে বিভিন্ন কর্মসূচি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বগুড়ার কৃতী সন্তান অধ্যাপক ড.মোহাম্মদ হাছানাত আলী বলেন, বগুড়া সিটি করপোরেশন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। এ মুহূতে বগুড়া পৌরসভা আয়তন, জনসংখ্যায় দেশের সবচেয়ে বড় পৌরসভা এবং বগুড়া সিটি করপোরেশন হওয়ার যৌক্তিক দাবি রাখে।

তিনি বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত। তারা নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত। তাই বগুড়া সিটি করপোরেশন হওয়া নিঃসন্দেহে একটি আনন্দের খবর। এর মধ্য দিয়ে বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে আশা করি।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন,ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।

Ads Banner

Social Profile